বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১২ মে ২০২৬
আতাউর রহমান। ছবি : সংগৃহীত
বাংলা নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান এবং অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
রওনক হাসান বলেন, না-ফেরার দেশে চলে গেলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চের প্রেরণাদায়ী সারথি আতাউর রহমান। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এর আগে সোমবার বিকেলে আতাউর রহমানের গুরুতর অসুস্থতার খবর পাওয়া যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বলে জানান তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
তিনি আরও জানান, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) পুনরায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে দুই দিন পর আসে তার চিরবিদায়ের সংবাদ।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক ছিলেন।
স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পদক। তার মৃত্যুতে বাংলা নাট্যাঙ্গন হারাল এক অনন্য অভিভাবক ও প্রেরণার উৎস।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh