Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি : জামায়াতের আমির

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি : জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে বিএনপি হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে তারাও হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। ২৫ জুলাই (শনিবার) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে’ এই সমাবেশ হয়।

সমাবেশে বিএনপিকে সতর্ক করে জামায়াতের আমির বলেন, ‘আমরা হাসিনা তাড়িয়েছি, যদি আপনারা (বিএনপি সরকার) ফ্যাসিবাদ কায়েম করেন, আপনাদেরও জনগণ তাড়াবে।’

শফিকুর রহমান বলেন, ‘জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশা আল্লাহ, গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনাদেরকে ছেড়ে জনগণ কথা বলবে না, ভালোয় ভালোয় আপনারা মেনে নিন। এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ববরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। আমরা কথা রাখব ইনশা আল্লাহ। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব ইনশা আল্লাহ।’

মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত ১১-দলীয় ঐক্যের আন্দোলন থামবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ঢাকার জন্য ডাক (সমাবেশ) আসবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান সিলেটের উন্নয়নবঞ্চনা নিয়ে ক্ষোভ জানান। তিনি বলেন, প্রবাসীবহুল এলাকা হিসেবে নামমাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনো তা পূর্ণাঙ্গতা পায়নি। অবিলম্বে সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রকৃতভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। ঢাকা–সিলেট মহাসড়কের দ্রুত সংস্কার এবং তা ছয় লেনে উন্নীত করা, সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি জানান তিনি।

‘খোঁজ নিয়ে দেখুন’
সমাবেশে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এখনো দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়নি। আইনশৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনার দলের লোকেরা, দুর্নীতিবাজ যে ব্যবসায়ীরা আছে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাহারা দিচ্ছে।’

এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আপনি খবর নিয়ে দেখেন বসুন্ধরার দায়িত্বে কে আছে? সামিট গ্রুপের দায়িত্বে কে আছে? এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে। আপনাকে ভুল পথে পরিচালিত করছে।’

গণভোটের রায় বাস্তবায়ন না করলে…
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী পাঁচ বছরের মেয়াদ তারা সম্পন্ন করে যেতে পারবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি পাঁচ বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনাসহ পৃথিবীর অন্যান্য জায়গায় যে করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান? সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।’

বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে বিএনপি। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে। অথবা এই নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে।

ভারতের আন্দোলনরত তরুণ-জনতাকে অভিবাদন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘একটা তথ্য আমরা শুনতে পেলাম, ভারতের যে শিক্ষামন্ত্রী, যাঁর পদত্যাগের দাবিতে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দিল্লিসহ ভারতের প্রায় সব জায়গায় ছাত্র-জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল, সে আন্দোলনের মুখে সেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষ থেকে, জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই।’

‘যদি কথা না শোনেন’
গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে দুর্বল করার লক্ষ্যে ভেতর ও বাইরে থেকে নানা ধরনের চক্রান্ত হচ্ছে বলে সমাবেশে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মসনদে থাকার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না, দোহাই লাগে। আপনাদের প্রথমে পায়ে ধরে বলব, তারপর হাতে ধরে বলব। যদি পায়ে ধরে, হাতে ধরে বললে কথা না শোনেন, ঘাড় ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না।’

সমাবেশে ১১-দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলার আমির হাবিবুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান (মঞ্জু), জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী প্রমুখ।

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2321 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.