বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে ইলিশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ রপ্তানির মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এ সময় প্রাথমিকভাবে ১ হাজার মেট্রিকটন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, ইলিশ ছাড়াও বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চান তারা। পাশাপাশি চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, ইতোমধ্যে চট্টগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলেও জানান।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, অ্যাগ্রো-মেশিনারিজ ও স্বাস্থ্যসেবাখাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। শেখ বশীরউদ্দীন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান অনেক। বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহ্বান জানান তিনি। বৈঠককালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
Posted ১০:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh