বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন সিটির শিশু শিক্ষার্থীদের কলেজে পড়ার জন্য সঞ্চয় পরিকল্পনায় সিটির বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। এ পরিকল্পনার আওতায় এখন যেসব শিশু নিউইয়র্ক সিটির কিন্ডারগার্টেনগুলোতে পড়াশোনা করছে, তাদের কলেজ শিক্ষার জন্য সিটির বাজেট থেকে মাথাপিছু সর্বোচ্চ ৩,০০০ ডলার পর্যন্ত সঞ্চয় করতে পারবে। এ পরিকল্পনার লক্ষ্য আয় শিশু শিক্ষার্থীদেন পরিবারের আয় বৈষম্য দূর করা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করা।
এককালীন এই অনুদান যুক্তরাষ্ট্রের শিশু সঞ্চয় অ্যাকাউন্ট কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী, এই অনুদান বিদ্যমান একটি উদ্যোগের আওতা সম্প্রসারিত করবে। পরিকল্পনার অংশ হিসেবে সিটির নিম্ন-আয়ের পরিবারের শিক্ষার্থীরা মাথাপিছু পাবে ৩,০০০ ডলার এবং অন্যান্য শিক্ষার্থীরা পাবে ১,০০০ ডলার। বর্তমানে শিশু শিক্ষার্থীদের জন্য বর্তমান অনুদারের পরিমাণ মাত্র ১০০ ডলার।
নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে কলেজ পর্যায়ে শিক্ষা ব্যয় অধ্যধিক বৃদ্ধি পাওয়ায় এবং বিগত বছরগুলোতে মুদ্রস্ফীতি ও মূল্যস্ফীতি নজীরবিহীনভাবে বৃদ্ধি পাওয়ায় সিটিবাসীদের মধ্যে আয় ও সম্পদের যে বিরাট বৈষম্য বৃদ্ধি পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে সিটিবাসী নিম্ন আয়ের পরিবারগুলো সমস্যা লাঘব এবং তাদের সন্তানদের শিক্ষার অধিকারকে সামনে রেখে সিটি কাউন্সিল এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ পরিকল্পনার সমর্থকরা বলছেন যে, প্রস্তাবিত বিনিয়োগ ন্মিআয়ের পরিবারগুলোর জন্য বিভিন্নভাবে সহায়ক হতে পারে। তাদের মতে, এটি শিশুদের কলেজে পড়াশোনার সুযোগকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে। পাশাপাশি তাদের সন্তানেরা তুলনামূলকভাবে কম শিক্ষাঋণের বোঝা নিয়ে ব্যাচেলর ডিগ্রি নিতেপারবে এবং পরবর্তী জীবনে তাদের পছন্দনীয় চাকুরি গ্রহণ ও সম্পদ আহরণ ও সঞ্চয়ের বেশি সুযোগ লাভের পথ পাবে।
টাইমস আরও জানিয়েছে যে, অতিরিক্ত কোনো বিনিয়োগ না হলেও, ৩,০০০ ডলারের অনুদান আজকের একজন শিক্ষার্থীর ভবিষ্যতে কলেজে ভর্তি হওয়ার সময় এ কর্মসূচির রিটার্ন হারের ভিত্তিতে এর পরিমাণ প্রায় ৮,৫০০ ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেছেন, আমরা যদি সত্যিই আয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাই, নিউইয়র্কবাসীদের সামনে এগিয়ে যেতে সাহায্য করতে চাই এবং জীবনযাত্রার ব্যয়সংকট মোকাবিলা করতে চাই, তাহলে আমাদের শিশুদের জন্য বিনিয়োগ বৃদ্ধি করতে হবে এবং আমরা তাই করছি। উল্লেখ্য, এই প্রস্তাবটি উত্থাপন করেছেন স্বয়ং মিস মেনিন, যিনি এক দশকেরও বেশি সময় আগে সিটির কনজ্যুমার্স অ্যাফেয়ার্স কমিশনারের দায়িত্ব পালনকালে শিশু শিক্ষার্থী সঞ্চয় কর্মসূচি প্রণয়ন কাজে নেতৃত্ব দিয়েছিলেন।
সিটি প্রশাসন সূত্রে জানা গেছে, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিটির বার্ষিক ব্যয় হবে ১৮০ মিলিয়ন ডলার, যা সিটির ১২৫ বিলিয়ন ডলার বাজেটের একটি ক্ষুদ্র অংশ। বর্তমানে এই কর্মসূচিতে সিটির ব্যয়বরাদ্দ মাত্র ১২.৭ মিলিয়ন ডলার। স্পিকার মেনিন এটিকে তার সর্বোচ্চ বাজেট অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য মেয়র জোহরান মামদানির সমর্থন প্রয়োজন হবে। তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দিয়ে প্রচারাভিযান চালালেও মে মাসে প্রকাশিত তার নির্বাহী বাজেটে এই প্রস্তাবটি অন্তর্ভুক্ত করেননি। তবে বাজেট এখনো চূড়ান্ত হয়নি, এবং বাজেট আলোচনা অব্যাহত রয়েছে। মামদানি প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে, মেয়র কলেজ অ্যাকাউন্টে বাড়তি অবদানের এই সম্প্রসারিত প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।
Posted ১:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh