বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ এর প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে সরকার। এতে বিদ্যমান আইনের অন্তত ৯টি বিতর্কিত ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া নতুন করে যুক্ত করা হচ্ছে বেশ কয়েকটি ধারা। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ এর খসড়া আলোচনায় উঠবে বলে সূত্র জানিয়েছে।
নতুন আইনের খসড়াটি পর্যালোচনায় দেখা যায়, বাকস্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করার মতো তেমন কোনো ধারা নেই। বর্তমান আইনে মানহানিকর তথ্য প্রকাশ এবং মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদ্বেষ-বিভ্রান্তিমূলক প্রচারণায় শাস্তির বিধান রয়েছে। এসব ক্ষেত্রে সংজ্ঞা অস্পষ্ট। ফলে সাধারণ বক্তব্যের জন্য মামলা করা যেত এবং সে কারণে অনেক মানুষকে কারাগারে থাকতে হয়েছে। এসব ধারা নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে না রাখার প্রস্তাব করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী কালবেলাকে বলেন, ‘এর আগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠেছিল। সেখানে প্রাথমিক আলোচনার পর খসড়ার ওপর কিছু অবজারভেশন (পর্যবেক্ষণ) আসে। সেসব অবজারভেশন পূরণ করে আবারও পাঠানো হয়েছে। এখন সেটা মন্ত্রিপরিষদ বিভাগেই আছে। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে খসড়া আইনটি আলোচনার জন্য উঠবে।’
প্রাথমিক খসড়ায় সাইবার নিরাপত্তা আইনের যেসব ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে রয়েছে ২০ ধারায় কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ ও দণ্ড; ২১ ধারায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড; ২৪ ধারায় পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ; ২৫ ধারায় আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ ইত্যাদি; অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড; ২৬ ধারায় অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড; সম্প্রচার ইত্যাদি; মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি; পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার; ২৯ ধারায় মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি; ৩১ ধারায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, ইত্যাদির অপরাধ ও দণ্ড; ৩২ ধারায় হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড এবং মহাপরিচালকের ক্ষমতা অর্পণ সংক্রান্ত ৫৫ ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সাইবার নিরাপত্তা আইনের বেশিরভাগ ধারা সংশোধন করে রাখা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh