ঢাকা : | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
সমাজচিন্তুক ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরীর দুটি বই ‘বেকুবের দেশচিন্তা’ ও ‘সম্পর্ক’ প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বই দুটি জাতির বুদ্ধিবৃত্তিক পুনর্গঠনে সহায়ক ভূমিকা রাখবে। ১৭ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠানের নির্ধারিত সময় থাকলেও তা শুরু হয় সন্ধ্যা ৬টায়। তবে দীর্ঘ অপেক্ষার বিরক্তি দ্রুতই কেটে যায় মাহমুদ রেজা চৌধুরীর প্রাণবন্ত, রসপূর্ণ ও চিন্তাশীল বক্তব্যে। ‘যা বিশ্বাস করেন, তাই বলেন’-এই নীতির আলোকে তিনি তার লেখালেখির প্রেক্ষাপট, ভাবনা ও বই দুটির অন্তর্নিহিত দর্শন তুলে ধরেন। প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের সঙ্গে তার হৃদয়ের গভীর সংযোগ তার কথায় স্পষ্ট হয়ে ওঠে। বক্তব্যে তিনি তার বংশপরম্পরা ও লেখালেখি জীবনে প্রভাব বিস্তারকারী বন্ধু ও শুভানুধ্যায়ীদের কথা উল্লেখ করেন।
তিনি নিজেকে প্রখ্যাত কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, আন্দালীব রাশদী, কবি কামাল চৌধুরী ও মোহন রায়হান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক সংবিধান সংস্কার কমিটির প্রধান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের বন্ধু হিসেবে পরিচয় দেন এবং তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এরপর বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তিনি মাহমুদ রেজা চৌধুরীর আপসহীনতা, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং প্রবাসে থেকেও দেশের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন। সুবিধাবাদী রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে তার নিরন্তর লেখালেখিকে তিনি ‘লাল সালাম’ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহমুদ রেজা চৌধুরীর চাচা ও সাবেক সচিব মোকাম্মেল হক। তিনি একজন শিক্ষক হিসেবে তার লেখালেখি থেকে পাওয়া আনন্দ ও প্রভাবের কথা তুলে ধরেন এবং আন্দালীব রাশদী, আলী রীয়াজ ও মাহমুদ রেজা চৌধুরীসহ যে প্রজন্মকে তিনি কাছ থেকে দেখেছেন, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এরপর প্রখ্যাত কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের বন্ধু রেজার লেখালেখি, প্রকাশিত বই দুটি, বাংলাদেশের রাজনীতি ও এলিট শ্রেণির অসততা নিয়ে রসঘন ও প্রাঞ্জল আলোচনা করেন। তার বক্তব্যে মিলনায়তনে একাধিকবার হাসির রোল পড়ে যায়। পাশাপাশি তিনি বন্ধুকে কিছু প্রয়োজনীয় জীবনপরামর্শও দেন। অনুষ্ঠানের শেষ পর্বে মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত দর্শকদের প্রশ্নে আরও প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি। বেকুবের দেশচিন্তা ও সম্পর্ক–এর লেখক তার ব্যক্তিজীবন ও লেখালেখির নানা দিক নিয়ে প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, মাহমুদ রেজা চৌধুরী বাংলাদেশের বিশিষ্ট কলামিস্ট ও সংস্কৃতিজন আবদুল গাফফার চৌধুরীর একমাত্র ভ্রাতুষ্পুত্র। তার জন্ম ১৯৫৭ সালে বরিশালে। বাবা হোসেন রেজা চৌধুরী ও মা আক্তারী বেগমের একমাত্র সন্তান তিনি। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি সরাসরি ছাত্র বা জাতীয় রাজনীতিতে সক্রিয় না থাকলেও দীর্ঘদিন ধরে সমাজ ও রাজনীতি বিষয়ক লেখালেখিতে যুক্ত। ১৯৮৬ সাল থেকে প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশে বিভিন্ন পত্র-পত্রিকায় রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করে আসছেন। একসময় জাতীয় বেতারের সংবাদ পাঠক ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনি।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি ‘মুক্ত ফোরাম’ নামে একটি সামাজিক থিংক ট্যাংক প্রতিষ্ঠা করেন। পেশাগত জীবনে দীর্ঘদিন আন্তর্জাতিক ও বহুজাতিক শিপিং করপোরেশনে সেলস, মার্কেটিং ও মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। বেকুবের দেশচিন্তা বইটি প্রকাশ করেছে সপ্তর্ষি এবং সম্পর্ক প্রকাশ করেছে একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh