বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় শতাধিক ইরানি শিশু নিহত হয়। ছবি : আনাদোলু এজেন্সি
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। এইভাবে চলতে থাকা যুদ্ধের ৪০তম দিনে এসে বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান। এ যুদ্ধে এখন পর্যন্ত হাজারো প্রাণ উজাড় হয়েছে।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের ৪০ দিনের যুদ্ধে নিহতের সংখ্যা। নিচে তা তুলে ধরা হলো—
ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ জন।
লেবানন: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকার আরও আছেন সাংবাদিক ও চিকিৎসাকর্মী।
ইরাক: সংকট শুরুর পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল: ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে মোট ২৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র: যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত: দুজন সেনাসহ মোট ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কাতার: কাতারের জলসীমায় গত ২২ মার্চ ‘নিয়মিত দায়িত্ব পালনের’ সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
কুয়েত: সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
পশ্চিম তীর (ফিলিস্তিন): ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।
সিরিয়া: দেশটির দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে চারজন নিহত হন।
বাহরাইন: ইরানের দুটি পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন।
ওমান: দেশটির সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে গত ১৩ মার্চ ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।
সৌদি আরব: রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় নিক্ষিপ্ত গোলার আঘাতে দুজন নিহত হয়েছেন।
ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন।
এদিকে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েল ইরানে আর হামলা পরিচালনা করবে না বলে ঘোষণা দেয়। তবে লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এর কিছুক্ষণ পরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
Posted ১২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh