বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান
অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী এখন আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ় বলে জানিয়েছেন বাহিনীর জেনারেল অফিসার-কমান্ডিং (সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ- সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত ১৫ মাস দায়িত্ব পালন করেছি, তা একেবারেই সহজ ছিল না। বাংলাদেশ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি প্রতিদিন হয় না। তাই আমরাও চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা সেনানিবাসে ফিরে যাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো অপপ্রচার চালিয়েছে।
এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে চাই, সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনীর প্রধান ও সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত। যেকোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়।
মাইনুর রহমান আরও বলেন, সেনাবাহিনী দেশের জনগণের সেনাবাহিনী; তাই জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব সেনাবাহিনী পালন করে যাবে। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বক্তব্য রাখেন।
গত দুই দিন আগে একটি দল জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করে, এরপর কিছু জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে—এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখনই আইনশৃঙ্খলা রক্ষার বিষয় আসে তখনই নজরদারি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় অন্যসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে।
নির্বাচনকালীন সরকার ও নির্বাচন পেছানোর কথা শোনা যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ মনজুর হোসেন বলেন,একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সরকারের যে ইচ্ছা এবং গাইডলাইন দেওয়া আছে এবং নির্বাচন কমিশন যে পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রধান করবে।
আসন্ন নির্বাচন কে নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মনজুর হোসেন বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধান দেখা করেছেন। কী বিষয়ে আলোচনা হয়েছে ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বাত্মক সহযোগিতা করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনীকে যখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নিয়োজিত করা হয়েছে তখনই আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করছি।
তিনি বলেন, নির্বাচনের সময় আমরা ৯০ হাজার থেকে এক লক্ষ সদস্য মাঠ পর্যায়ে মোতায়েন করব, যেটা এযাবতকালের সর্বোচ্চ। আমাদের পরিকল্পনায় আছে—জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এমনকি আসনভিত্তিক ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকবো।
Posted ১১:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh