বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই সৌদি আরব, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে তিনি দ্রুততম সময়ে ঢাকা ত্যাগ করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে (লন্ডন) যাবেন। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিশ্রাম নেবেন। এরপর তিনি লিভারের জটিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে যাবেন। লন্ডনের আগে বা পরে তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবও যেতে পারেন। এজন্য তিনি সৌদি ভিসাও নিয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং চোখের সমস্যাসহ একাধিক জটিল রোগে ভুগছেন। এসব কারণে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। লন্ডনে প্রাথমিক চিকিৎসার পর, যুক্তরাষ্ট্রের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে তার লিভার সিরোসিসের চিকিৎসা করার পরিকল্পনা রয়েছে। মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সেন্টারে উন্নত চিকিৎসার মাধ্যমে তার স্বাস্থ্যের উন্নতি আশা করা হচ্ছে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার এ উদ্যোগে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
Posted ১১:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh