শেরপুর : | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
গত ১৬ এপ্রিল সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শেরপুর সদরের চরজংগলদী রাহেতুন নেছা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক আজহারুল ইসলাম বকুল, সহকারী শিক্ষক এম, এ জলিল প্রমুখ। স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুহাম্মদ আব্দুল কাউয়ুম, রেজাউল ইসলাম, মোহাম্মদ রিফাত প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন,সাংবাদিক আবুল কাশেম লেবু তাঁর মরহুম পিতা সাদেক আলী’র নামে আমাদের স্কুলে যে শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তা শুধু আমাদের স্কুলের জন্যই নয় এতদ অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। আমাদের সমাজে অনেক ধনী মানুষ থাকলেও তাদের সমাজের জন্য ভালো কিছু করার মানসিকতা নেই। কিন্তু সাংবাদিক আবুল কাশেমের দান করার কিংবা সমাজের জন্য ভালো কাজ করার উন্নত মানসিকতা রয়েছে।
তিনি আরও বলেন, আমার স্কুলে সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পাওয়ার জন্য বছরের শুরুতেই ছেলে-মেয়েদের মধ্যে প্রথম হওয়ার প্রতিযোগিতা লক্ষ্য করি। এবার আশ্চর্যজনক ভাবে সব ক্লাসেই মেয়েরা প্রথম স্থান অধিকার করেছে।এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তিনি সাদেক আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক আবুল কাশেম লেবু’র ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সভাপতি ও সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিম তাঁর বক্তব্যে বলেন, তাঁর বাবা সাদেক আলী উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত। এবং তিনি একজন বিদুৎসাহী,সমাজ হিতৈষী, পরোপকারী সংস্কৃতিমনা ও অসম্প্রদায়িক সাদা মনের মানুষ ছিলেন।
তিনি এতদঅঞ্চলের প্রথিতযশা একজন পুঁথিপাঠক, অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ পাঠক ছিলেন। তিনি সব সময় সমাজের হত দরিদ্র মানুষে ছেলে-মেয়েদের শিক্ষা নিয়ে ভাবতেন। তাঁর দূরদর্শী ভাবনা চিন্তা কে আমাদের সমাজে স্থায়ীভাবে প্রতিফলন করার জন্যই আমরা বড় ভাই প্রবাসী সাংবাদিক আবুল কাশেম এই ফাউন্ডেশন গঠন করেছেন। এই ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামুলক প্রতিষ্ঠান। আমরা আগামী দিনগুলোতে এই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করবো ইনশাআল্লাহ।
প্রতি বৎসর মেধা প্রতিযোগিতায় প্রতি ক্লাসে প্রথম স্থান লাভ কারী ছাত্র-ছাত্রীদের সাদেক আলী ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ৬ষ্ঠ শ্রেনীতে হৃদিকা জান্নাত, ৭ম শ্রেনীতে সাদিকা ইয়াসমিন, ৮ম শ্রেণিতে তাওহিদা জান্নাত, ৯ম শ্রেণিতে মরিয়ম আক্তার,ও দশম শ্রেণিতে রমিলা খাতুন প্রত্যেকই তাদের নিজ নিজ ক্লাসে প্রথম স্থান লাভ করে মেধা বৃত্তি লাভ করেন। উল্লেখ্য, ২০১৬ সালে নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মোঃ আবুল কাশেম সাদেক আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
অগ্রনী বাংকে এক লক্ষ টাকার এফডিআর থেকে প্রতি বছর লভ্যাংশ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অধিকারীকে এককালীন বৃত্তি প্রদান করে আসছেন। এবারও ৫ জন ছাত্রছাত্রীকে আট হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকা বিভিন্ন শেনি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে মরহুম সাদেক আলী ও তাঁর মরহুমা স্ত্রী বেগম চাঁনবানু’র রুহের মাগফিরাত কামনা করে এবং এস এস সি’র বিদায়ী পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন স্কুলের মৌলভী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল জলিল।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh