বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত
সংরক্ষিত আসনে জামায়াত জোটের ১১দলীয় নির্বাচনি ঐক্য থেকে মনোনীত ১৩ নারী সদস্য জাতীয় সংসদে গেলে জাতির প্রত্যাশা পূরণ, বিশেষ করে নারী সমাজের স্বার্থে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ১১দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, তারা বিরোধী দলের আসনে বসে ন্যায়সংগত ও সব জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে। আর সরকার যদি ভুল পথে পরিচালিত হয়, জনবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সবাই একসঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করবেন।
২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ১১দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে প্রেস ব্রিফিংয়ে এই প্রত্যাশার কথা বলেন। হামিদুর রহমান আযাদ বলেন, যে ক্ষেত্রে রাজপথে ভূমিকা প্রয়োজন, বিশেষ করে গণরায় উপেক্ষা করে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে তার বিরুদ্ধে ১১ দলের সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে এক পরিবারের দুজন সংসদ সদস্য নয় এমনটি জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান ছিল বলে জানান তিনি।
দেশ পরিচালনার মতো যোগ্য নারী জামায়াতের নারী শাখায় অনেক আছেন জানিয়ে তিনি বলেন, দলে যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই। আমিরের স্ত্রী শুধু হেভিওয়েট নন, তার চেয়ে জামায়াত ইসলামীর ডজন ডজন হেভিওয়েট প্রার্থী আছে।
নারী আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, আমাদের দায়িত্ব এখন তিনটা। ঘর-সংসার করা, সংসদে এবং রাজপথে ভূমিকা রাখা। আমরা ভালভাবে সংসার করার পাশাপাশি সংসদেও দেশ-জাতির পাশাপাশি বঞ্চিত নারীদের আকাঙ্খা বাস্তবায়নে সোচ্চার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সংসদে যখন দেখব, নারীর আশা-আকাঙ্খা পূরণ হচ্ছে না, তখন রাজপথে নামবো। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর সম্মান রক্ষায় কাজ করবো।
জুলাই গণঅভ্যুত্থানে শিশু শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজ আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, সংসদে গিয়ে আমি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ হয়ে কাজ করবো। জুলাই গণহত্যার বিচার চাইব। জুলাই বিপ্লবকে ধারণ করলে বিএনপিও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিত। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh