বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০১ মার্চ ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
সংসদ নির্বাচনে দলের অর্জনের বিষয়টি তুলে ধরে এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তৃণমূলে দলকে শক্তিশালী করার প্রত্যাশার কথাও বলেছেন ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার আয়োজনে বক্তব্য রাখছিলেন এনসিপির আহ্বায়ক।
২০২৪ সালের জুলাই-অগাস্ট গণআন্দোলনের সামনের সারির নেতাদের গড়া রাজনৈতিক দল এনসিপি, গেল বছর ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘোষণা করে তারা।
প্রায় এক বছরের মাথায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ৬ আসনে জয়লাভ করে এনসিপি।
দলের আহ্বায়ক বলেন, “সামনে স্থানীয় সরকার নির্বাচন। আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সে প্রত্যাশা রাখবো। সারাদেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। “এবারের নির্বাচনের ছয়টি আসনে আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব।”
ধানমন্ডিতে আবাহনী লিমিটেডের মাঠে এনসিপির এই ইফতার আয়োজনে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “এই এক বছর আমরা, নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এনসিপি গিয়েছে। শুধু এনসিপি নয় পুরো বাংলাদেশই আসলে এই এক বছর বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে।
“আপনারা জানেন, গণঅভ্যুত্থান পরবর্তী একটি সময়, সেই সময়কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে দিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার জায়গা থেকে সেই চেষ্টা করেছে।”
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, “আমরা মনে করি, ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপের রাজনীতি আমরা করছি।
“আমরা মনে করি, বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে। সেটার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়নসহ গণভোটের গণরায় বাস্তবায়ন সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ফ্যাসিস্টদের গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুম খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি।”
‘বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ’-প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম প্রতিপাদ্য, এ কথা তুলে ধরে এনসিপি নেতা নাহিদ বলেন, “আমরা মনে করি যে বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, সে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথ চলা এক বছর হলেও এনসিপির পিছনে অনেক বড় প্রেক্ষাপট রয়েছে।”
২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাটবিরোধী আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতার কথা তুলে ধরেন তিনি।
এসব আন্দোলনের প্রেক্ষাপটে এনসিপির জন্ম, গণঅভ্যুত্থানই তাদের শেকড়, বলেন সংসদ সদস্য নাহিদ।
অনুষ্ঠানে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে জুলাই আন্দোলন থেকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা, সংস্কার কমিশনে ভূমিকা এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণসহ এনসিপির পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এনসিপির এই আয়োজনে অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এনসিপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সংসদ সদস্য ও দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
Posted ১২:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh