বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হুমকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার-রেমিট্যান্স

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০২ মার্চ ২০২৬

হুমকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার-রেমিট্যান্স

ছবি : সংগৃহীত

ইরানে হামলা এবং ইরানের পাল্টা হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান। পাশাপাশি আশঙ্কাজনক হারে কমে যেতে পারে রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রায় ৬০ শতাংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করে। সেখান থেকে আসে দেশের মোট রেমিট্যান্সের ৪৯ শতাংশ।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, ইয়েমেন ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দেশগুলোতে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হওয়ার আশঙ্কার পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ধাক্কা লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ১০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই রেমিট্যান্সের ৪৯ ভাগ আসে মধ্যপ্রাচ্যের আটটি দেশ থেকে। আর দেশে রেমিট্যান্স আহরণের শীর্ষ ১০ দেশের মধ্যে ছয়টিই মধ্যপ্রাচ্যের। দেশগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, সৌদি আরবে ২৫ লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। সৌদি আরব থেকে দেশে মোট রেমিট্যান্সের ১৫ শতাংশ বা তার বেশি রেমিট্যান্স আসে। মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত থেকে আসে দেশের মোট রেমিট্যান্সের ১৩ শতাংশ। সেখানে কর্মরত রয়েছেন ১২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক। কুয়েতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। দেশটি থেকে মোট রেমিট্যান্সের ২ শতাংশ আসে। কাতারে রয়েছে ৪ লাখ ৫০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে মোট রেমিট্যান্সের ৪ শতাংশ আসে। মধ্যপ্রাচ্যের অন্য দেশ ওমান থেকে আসে মোট রেমিট্যান্সের ৬ শতাংশ। দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ১ লাখ ৮৮ হাজার। বাহরাইনে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় দুই লাখ। সেখান থেকে আসে মোট রেমিট্যান্সের ২ শতাংশ। এ ছাড়া ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তাদের রয়েছে হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ইরান-ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে এসব শ্রমিক ও ব্যবসায়ীর অনেকেই বেকার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফেরার আশঙ্কা রয়েছে, যা দেশের অর্থনীতিতে বড় বিপর্যয় তৈরি করতে পারে।

জনশক্তি রপ্তানীকারকের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (রবায়রা) সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোবারক উল্লাহ শিমুল বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের সময় বৈদেশিক কর্মসংস্থান একটি বিশাল প্রতিকূল পরিস্থিতি পার করেছে। ওই সরকার একটিও নতুন শ্রমবাজার চালু করতে পারেনি। বন্ধ একটি শ্রমবাজারও খুলতে পারেনি। মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন আগ্রহী দেশে শ্রমিক পাঠাতে পারেনি। উপরন্তু মধ্যপ্রাচ্যের দেশে বিভিন্ন নতুন নতুন নিয়ম ও বিধি করে ব্যবসায়ীদের হাত-পা বেঁধে দেওয়া হয়। এখন ইরান-ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে, সেটা দীর্ঘায়িত হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আমাদের শ্রমিকরা নিঃস্ব অবস্থায় ফেরত আসবেন। দেশে রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়বে।’

তিনি বলেন, ‘এ অবস্থায় সরকারের উচিত প্রথমে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মধ্যপ্রাচ্যের দেশগুলো হটলাইন চালু করে শ্রমিকদের খবর রাখা ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া। আর আমাদের শ্রমিকদের যাতে ফেরত আসতে না হয় এবং নতুন করে কীভাবে আরও শ্রমিক পাঠানো যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।’

শিমুল আরও বলেন, ‘রেমিট্যান্স শাটডাউন হলে দেশ অচল হয়ে পড়বে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। তাই যে কোনো মূল্যে আমাদের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের কাজের নিশ্চয়তা রক্ষার চেষ্টা করতে হবে সরকারকে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া বলেন, ‘এরই মধ্যে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হটলাইন চালু করা হয়েছে। আমাদের শ্রমিকদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে শ্রমবজারে প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে।’ সূত্র : কালবেলা

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.