বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। মানুষের অনেক প্রত্যাশা বিএনপির কাছ থেকে। আমরা ৩১ দফার মাধ্যমে কীভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করা যায় তা নিয়ে আলোচনা করছি। প্রান্তিক পর্যায়ের নারী-পুরুষ, সব শ্রেণিপেশার মানুষের কাছেও আমাদের যেতে হবে। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার নেতাকর্মীদের নিয়ে পৃথক কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
কর্মশালার শেষ প্রান্তে এসে ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। কর্মশালায় তিন জেলার অন্তত ৩ হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। তারেক রহমান বলেন, জনগণের আস্থা যদি আপনার প্রতি হয়, তাহলে আপনি হবেন জনগণের প্রতিনিধি। জনগণের সমর্থনের ভিত্তিতে যারা ক্ষমতায় আসবে, তারা দেশ পরিচালনা করবে। আমরা নিশিরাতের ভোটে বিশ্বাসী নই। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। এ দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। মানুষ যাতে মুক্তভাবে ভোট দিতে পারেন, সেই আস্থা তৈরি করতে হবে।
নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কেউ যাতে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি এ মুহূর্তে সবচেয়ে বেশি মানুষের সমর্থন নিয়ে অবস্থান করছে। সেজন্য অনেকে হিংসা করছে। স্বৈরাচার পালিয়ে গেছে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিছু কিছু, ছোট ছোট মাথাও পালিয়ে গেছে। কিন্তু লেজসহ শরীরের অনেক অংশ অবশিষ্ট রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে-ভেতরে ষড়যন্ত্র করছে। কাজেই আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ৩১ দফা পৌঁছে দেবেন ঘরে ঘরে। একই সঙ্গে ষড়যন্ত্রের বিষয়েও আপনাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই, আমাদের কর্মসূচি যদি সফল করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। সেটা না করতে পারলে আমাদের এত দিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আমরা দেশ ও দেশের মানুষকে যে চিন্তা ভাবনা করছি, যে কর্মসূচিগুলো দিয়েছি ৩১ দফার ভেতরে, এগুলোকে সফল করতে হলে জনগণের সমর্থন আমাদের প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘জনগণের আস্থার ভেতরে আমাদের থাকতে হবে। যেকারণে আমাদের প্রত্যেককে নিজ অবস্থান থেকে যে কাজটি সঠিক, সেটি করতে হবে। যেটি অনৈতিক, খারাপ কাজ, সেটি আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে। আগামীর নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি জয়লাভ করবে। সেজন্য আমাদের কাজ করতে হবে। ৩১ দফা নিয়ে গ্রামে গ্রামে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।’
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh