বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে বলা হয়, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাগত। এই উৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী সব ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির একটি অনন্য উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছে। তবে সম্প্রতি কিছু গোষ্ঠী দুর্গোৎসবকে ঘিরে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। এসব অপচেষ্টা ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে বিনষ্ট করেছে।’ তারেক রহমান আরো বলেন, ‘স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি।
সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।’ তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বাত্মক সহায়তা করতে হবে।’
বিবৃতির শেষ অংশে তিনি বলেন, ‘এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।
Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh