বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তার কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, এই যুদ্ধের সময়সীমা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি ট্রাম্পের বক্তব্যকে “মিথ্যা ছাড়া আর কিছু নয়” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ট্রাম্প ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন। নাঈনির ভাষায়, “এই যুদ্ধ কখন শেষ হবে তা আমরা নির্ধারণ করব, যুক্তরাষ্ট্র নয়।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ প্রায় শেষের দিকে এবং তারা এখন যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে। নাঈনি বলেন, “কেন আপনারা আমেরিকার জনগণের কাছে সত্য কথা বলছেন না? ট্রাম্প চান না যুক্তরাষ্ট্রের নাগরিকরা জানুক যে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।”
এর আগে ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে পারে বলে তিনি আশা করছেন। এক সাংবাদিক জানতে চান, এই সপ্তাহের মধ্যেই বা কয়েক দিনের মধ্যে সামরিক অভিযান শেষ হওয়ার সম্ভাবনা আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমার তাই মনে হয়।”
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানের নেতৃত্ব কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ট্রাম্পের ভাষায়, “তাদের নেতৃত্বের অন্তত দুটি স্তর ধ্বংস হয়ে গেছে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh