বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২২ মার্চ ২০২৬
নারী এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে জাপান। ছবি : সংগৃহীত
সিডনির অলিম্পিক পার্ক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮০ হাজার। এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে সমর্থন দিতে কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়ামটি। গগনবিদারী চিৎকারে নিজ দেশকে সমর্থন জানান স্টেডিয়ামে আসা দর্শকরা। তবে ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে শিরোপা নিজেদের করে নিয়েছে জাপানের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পালটা আক্রমণে খেলতে থাকে দু’দল। তবে ম্যাচের ১৭ মিনিটের মাথায় ৮০ হাজার দর্শকের হৃদয় ভাঙেন জাপানের উদীয়মান তারকা মাইকা হামানো। বক্সের বাম প্রান্ত থেকে এক দুর্দান্ত কোণাকুণি শটে বল জালে জড়ান। এই একটি গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরে জাপানের মেয়েরা।
পিছিয়ে পড়ার পর ঘরের মাঠের দর্শকদের সমর্থনে মরিয়া হয়ে লড়েছে অস্ট্রেলিয়া। দলের অন্যতম সেরা তারকা স্যাম খের বেশ কয়েকবার গোলের সুযোগও পেয়েছিলেন। কিন্তু জাপানের রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করা সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিকে ভ্যান এগমন্ডের একটি জোরালো শট জাপানি ডিফেন্ডাররা ব্লক করলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় স্বাগতিকদের।
পুরো টুর্নামেন্টজুড়ে অপ্রতিরোধ্য ছিল জাপানের ডিফেন্ডাররা। মাত্র ১টি গোল খেয়েছে তারা। ফাইনালেও তাদের রক্ষণভাগ সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপের ফাইনালে জাপানের কাছে হারলো অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের ফাইনালেও একই ব্যবধানে (১-০) জাপানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল তারা।
Posted ১:১৮ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh