বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
আমেরিকার সিটিজেনশিপের টেস্টের প্রশ্নে পরিবর্তন আসছে। ইতিপূর্বে যে প্রশ্নগুলো ছিল এবং বিদ্যমান রয়েছে, তার সঙ্গে বিশেষ করে ইংরেজিতে দক্ষতা যাচাইয়ের টেস্ট হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। সিটিজেনশিপের জন্য আবেদনকারী এবং ইমিগ্রেশন বিষয়ক প্রবক্তাগণ হোমল্যান্ড সিকিউরিটির সাম্প্রতিক উদ্যোগে উৎকণ্ঠা প্রকাশ করেছেন যে, আবেদনকারীদের মধ্যে যাদের ইংরেজিতে দক্ষতা সামান্য, তারা এ পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হবে।
যুক্তরাষ্ট্রে বিদেশি ইমিগ্রান্টদের ন্যাচারালাইজেশন টেস্টের শেষ ধাপ হচ্ছে সিটিজেনশিপ লাভের পথে যাওয়া। বহু বছর আগে বৈধভাবে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার পর অনেকগুলো মাস প্রতীক্ষা করতে হয় এ প্রক্রিয়ার মধ্যে আসার জন্য। সিটিজেনশিপের আবেদনকারী অনেকে এখনো ২০২০ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সময় সিটিজেনশিপ টেস্টের প্রশ্ন পরিবর্তন করে দীর্ঘ করা হয় এবং এর ফলে সময় যেমন বেশি লেগেছে, প্রক্রিয়াটি কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু কয়েক মাসের মধ্যে প্রশাসনে আসেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাহী আদেশে সিটিজেনশিপের পথে ডোনাল্ড ট্রাম্পের সময়ে সৃষ্টি করা বাধা দূর করেন। এতে সিটিজেনশিপ টেস্টের প্রশ্ন পূর্ববর্তী পর্যায়ে চলে যায়, যা সর্বশেষ ২০০৮ সালে হালনাগাদ করা হয়েছিল।
বর্তমান প্রশাসন গত ডিসেম্বর মাসে সিটিজেনশিপের টেস্টের প্রশ্নপত্রে পরিবর্তন আনার প্রস্তাব করেছে এবং ধারণা করা হচ্ছে যে শেষবারের পরিবর্তনের ১৫ বছর পর আনা পরিবর্তনের প্রস্তাব আগামী বছরের শেষ দিকে কার্যকর হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) প্রস্তাব করেছে যে, নতুন টেস্টে ইংরেজিতে কথা বলার অংশ দক্ষতা যাচাইয়ের প্রশ্ন থাকবে। টেস্ট গ্রহণকারী অফিসার সাধারণ দৃশ্যের কিছু ছবি দেখাবেন- যেমন দৈনন্দিন কার্মকান্ড, আবহাওয়া অথবা খাদ্য এবং আবেদনকারীকে ছবিগুলো সম্পর্কে মৌখিক বর্ণনা করতে বলা হবে। বর্তমান টেস্টে একজন অফিসার মৌখিক উত্তর দেওয়ার জন্য আবেদনকারীকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করেন, যা আবেদনকারী ইতোমধ্যে তার আবেদন ফরমে উত্তর দিয়েছেন।
দশ বছর আগে ইথিওপিয়া থেকে আগত হ্যাভেন মেহরেতা যুক্তরাষ্ট্রে আসেন এবং গতবছর তিনি সিটিজেনশিপের টেস্টে উত্তীণ হয়েছেন। তার মতে, ইংরেজিতে স্বল্প দক্ষ কোনো আবেদনকারীর পক্ষে ছবি দেখে বর্ণনা করা কঠিন হবে। তিনি স্বয়ং যুক্তরাষ্ট্রে আসার পর ইংরেজি ভাষা শিখেছেন এবং অধিকাংশ ইংরেজি শব্দের উচ্চারণ তার কাছে দুরুহ ছিল। তার মতে ব্যক্তিগত প্রশ্নে চেয়ে ছবি দেখে বর্ণনা করা কঠিন এক পরীক্ষা হবে।
এছাড়া টেস্টের প্রশ্নে আরেকটি পরিবর্তন আসতে যাচ্ছে, তা হলো, আমেরিকার ইতিহাস ও সরকার সম্পর্কিত অংশে বর্তমান চালু অফিসারের প্রশ্নের সংক্ষিপ্ত মৌখিক উত্তরের পরিবর্তে মাল্টিপল-চয়েস উত্তর থাকবে, যা থেকে আবেদনকারীকে একটি উত্তর বেছে নিতে হবে।
Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh