বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ছবি : সংগৃহীত
ইউরোপজুড়ে চলমান তীব্র দাবদাহে ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি গাড়িতে আটকে পড়া দুই ও চার বছর বয়সী দুই শিশুও রয়েছে। একই সময়ে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য ও ইতালিসহ বিভিন্ন দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়ছে।
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কার্পন্ত্রাস শহরে বাড়ির বাইরে পারিবারিক গাড়ির ভেতরে অচেতন অবস্থায় দুই শিশুকে খুঁজে পান তাদের মা। উদ্ধারকর্মীরা শিশু দুটিকে বাঁচাতে ব্যর্থ হন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এদিকে, বোর্দো অঞ্চলে তাপপ্রবাহজনিত অসুস্থতায় ৮০ থেকে ৯৫ বছর বয়সী তিন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া রোববার থেকে সোমবার (২১-২২ জুন) পর্যন্ত পানিতে ডুবে আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে অনেকেই নদী ও সমুদ্রে নামায় ডুবে মৃত্যুর ঘটনা বেড়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। খবর : রয়টার্সের।
ফ্রান্সের বোর্দো শহরে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গত বছরের রেকর্ড ভেঙেছে। মধ্যাঞ্চলের পয়তিয়ার্স শহরে পারদ উঠেছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯৪৭ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
স্পেনের উত্তরাঞ্চলের শহর সান সেবাস্তিয়ানেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জুন মাসের স্বাভাবিক গড় তাপমাত্রার দ্বিগুণেরও বেশি।
আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকার সাহারা অঞ্চল থেকে উষ্ণ বায়ু প্রবাহিত হওয়ায় ইউরোপজুড়ে ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে দীর্ঘ সময় ধরে তীব্র গরম ও বাতাসহীন অবস্থা বিরাজ করছে।
যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, চলতি সপ্তাহে দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে, যা জুন মাসের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেবে।
ইতালির ১২টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় তুরিন শহরে অতিরিক্ত জেনারেটর চালু করা হয়েছে।
বেলজিয়ামে অস্বাভাবিক গরমের কারণে শত শত পাখি বাসা ছেড়ে পড়ে যাচ্ছে। প্রাণী পুনর্বাসন কেন্দ্রগুলোতে গত তিন দিনে ১৫০টির বেশি পাখি ও অন্যান্য প্রাণী আনা হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ও চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh