বাংলাদেশ অনলাইন | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
ইরানের অর্থনীতিকে ‘ধ্বংস’ করে দেশটির সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোকে ওয়াশিংটনের পাশে থাকার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে বলেন, ‘আমরা এই সরকারকে পতন ঘটাব। এখন আমাদের মিত্র ও বিশ্বের বাকি দেশগুলোর সিদ্ধান্ত নেওয়ার সময়।’ তিনি আরও বলেন, ‘আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।’
বেসেন্টের এ মন্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানকে ‘যে কোনো ধরনের সহায়তা’ দেওয়া দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।
তবে নতুন নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক পদক্ষেপের বিস্তারিত জানাননি বেসেন্ট। তিনি বলেন, ইরানের অর্থনীতির ওপর পরিকল্পিত চাপ বাড়ানো হলে সংঘাতে বড় পরিসরের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রয়োজন কমবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তাদের দাবি ছিল, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে ঠেকাতেই হামলা চালানো হয়েছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এর জবাবে ইরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় আরব মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়। সংঘাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
যুক্তরাষ্ট্র ও ইরান এপ্রিলে একটি যুদ্ধবিরতিতে এবং পরে জুনে আরও একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। উভয় উদ্যোগের লক্ষ্য ছিল সংঘাতের অবসানে আলোচনার পথ তৈরি করা। তবে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হওয়ায় আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।
এ অবস্থায় ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে “যেকোনো দেশের ওপর নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান” চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বেসেন্ট। তার ভাষায়, নতুন নিষেধাজ্ঞা হবে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নতা’।
ইরানের সঙ্গে ব্যবসা করা আন্তর্জাতিক অংশীদারদের উদ্দেশে বেসেন্ট বলেন, তারা যদি ইরানের সঙ্গে অর্থ লেনদেন বা দেশটির তেল কেনা অব্যাহত রাখে, তাহলে মার্কিন অর্থ মন্ত্রণালয় ও সরকার তাদের বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
বেসেন্ট জানিয়েছেন, পরিকল্পিত নতুন অর্থনৈতিক পদক্ষেপের বিস্তারিত আগামী ২৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।
Posted ১২:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh