বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
কমিউনিটি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য কুইন্স হাসপাতাল চারজন চিকিৎসক সহ মোট ৬ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। নিউইয়র্ক সিটি হেলথ এন্ড হসপিটালস সিস্টেমের অন্যতম চিকিসা কেন্দ্র কুইন্স হাসপাতাল। সিটির দক্ষিণ-পূর্ব এলাকার বাসিন্দাদের দীর্ঘ ৮৮ বছর যাবত চিকিৎসা সেবা প্রদান করে আসছে হাসপাতালটি। জ্যামাইকার প্রানকেন্দ্রে অবস্থিত সরকারি এই হাসপাতালটি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে বিপুল সংখ্যক বাংলাদেশী অভিবাসী।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কাউন্টি কুইন্সের এই হাসপাতাটিতে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। নিউইয়র্ক সিটি এবং স্টেট সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত কুইন্স হাসপাতালে রয়েছে অতিরিক্ত সহায়ক সংগঠন-‘দ্য অক্সিলারি এট এনওয়াইসি হেলথ এন্ড হসপিটাল, কুইন্স’। অলাভজনক এই সংগঠন চিকিৎসক, রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষকে নানাভাবে সহায়তা প্রদান করে থাকে। এজন্য তাদের রয়েছে একটি বিশেষ তহবিল। প্রতিবছর তহবিল সংগ্রহ উপলক্ষে আয়োজন করা হয় ডিনার পার্টির।
সেই সাথে সম্মানিত করা হয় কয়েকজন চিকিৎসককে তাদের বিশেষ অবদানের জন্য। গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ এ অনুষ্ঠানটি ছিলো ফ্লাশিংয়ের টেরেস অন দ্যা পার্কে। ‘হিরোস আনমাসক্্ড গালা’ নামের এই জমকালো অনুষ্ঠানে বাংলাদেশী একজন সহ মোট ৫ জন চিকিৎসককে হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কুইন্স হাসপাতালে মেডিসিন বিভাগে দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় নিয়োজিত ডাঃ ইউসুফ আল মামুন ছাড়াও সম্মাননাপ্রাপ্ত অন্যান্য চিকিৎসকগণ হলেন- ডাঃ ম্যাশেল এলেন, ডাঃ হরি হরিহারান, ডাঃ জেসমিন মশিরপুর। এছাড়া হাসপাতালের কর্মকর্তা এন্ড্রো পার্লস্টেন ও চিফ সি¥থকে প্যানডেমিক হিরো হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অলাভজনক এই সংগঠনটির কো-চেয়ার হচ্ছেন ডাঃ ডেভ ইলসন ও মিস ভিকি স্যানেপস। অনারারি কমিটি মেম্বার হচ্ছেন ডা. এলেন শুলম্যান, ডাঃ লরেন্স শুলম্যান ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ মোহাম্মদ ওয়াজেদ খান।
নাচ, গান ও সম্মাননা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এ্যামি এওয়ার্ড বিজয়ী সাংবাদিক ও স্পেকট্রাম ওয়ান নিউজ এর এ্যাংকর শেরিল উইলস। সাংস্কৃতিক অনুুষ্ঠানে পারফর্ম করেন পারফরম্যান্স এওয়ার্ড বিজয়ী শিল্পী জেফ রেড। আয়োজক কর্মকর্তাগণ সম্মাননা তুলে দেন চিকিৎসকদের হাতে। কুইন্স হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স, ছাড়াও স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক অতিথি উপভোগ করেন চমৎকার অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে সম্মানিত বাংলাদেশী আমেরিকান চিকিৎসক ডাঃ ইউসুফ আল মামুন কমিউনিটি এবং পাবলিক হেলথ সেবায় বরাবরই অবদান রেখে চলেছেন। বিশেষ করে করোনা মহামারিকালে তার সাহসি ভূমিকা প্রশংসিত হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নর্থ আমেরিকায় একজন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডাঃ ইউসুফ আল মামুন। তিনি বিগত ৩০ বছর ধরে কুইন্স হাসপাতালের বয়স্ক রোগীদের সেবায় নিয়োজিত।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh