বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
অভিনেত্রী মেঘনা আলম। ছবি : সংগৃহীত
জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী ও অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এর আগে রাত সাড়ে দশটায় ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালতের আদেশে বলা হয়, মেঘনা আলমের কার্যক্রম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিবেচিত হওয়ায়, তাকে ওই আইনের ৩(১) ধারায় ৩০ দিনের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ চলাকালে মেঘনা দাবি করেন, তার বাসায় পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি প্রবেশ করছেন। লাইভটি প্রায় ১২ মিনিট ধরে চলার পর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে সেটি ডিলিট হয়ে যায়।
ডিটেনশন আইনের আওতায় সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক রাখতে পারে, যদি তা জননিরাপত্তা বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ এবং নারীদের স্বাবলম্বী করতে প্লাস্টিক পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরির কাজে যুক্ত ছিলেন।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh