বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
কুইন্সের জ্যামাইকা এভিনিউ ধরে প্রতিদিনের মতো হাঁটছিলেন ৮৬ বছর বয়স্ক ইয়েমেনি বংশোদ্ভুত ইমিগ্রান্ট হামোদ আলী সাইয়েদি। স্কুটারে ধেয়ে আসা এক ব্যক্তি তার আগ্নেয়াস্ত্র থেকে লোকজনের ওপর এলোপাতারি গুলি ছুড়ে হত্যা করে বয়োবৃদ্ধ হামোদ আলীকে। প্রায় আধা ঘন্টা ধরে গুলিবর্ষণ করে বন্দুকধারী। গত শনিবার গুলিবর্ষণের এ ঘটনায় পুলিশ ব্রুকলিনের থমাস আবরু (২৫) নামে এক ব্যক্তিকে গত রোববার গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আরো দুটি হত্যা প্রচেষ্টা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। গত রোববার একদল মানুষের ওপর তার গুলিবর্ষণের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কোনো তথ্য জানতে পারেনি।
ভিডিও ফুটেজ থেকে দেখা যায় যে, জ্যামাইকা এভিনিউ এর ১০৯ স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে। এতে দেখা যায়, ঘাতক স্কুটারযোগে এসে ৮৬ বছর বয়স্ক বৃদ্ধের কাছে এসে গতি মন্থর করে এবং তার পিঠে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। লোকটি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাওয়ার আগে পেছন ফিরে তাকিয়েছিল। তার শার্ট রক্তে ভিজে যায়। ব্রুকলিন থেকে কুইন্স পর্যন্ত সন্দেহভাজন অভিযুক্তের নিক্ষিপ্ত গুলি আরো তিন ব্যক্তির শরীরে বিদ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সকলে একটি স্কুটার থেকে চালক কর্তৃক গুলিবর্ষণের দৃশ্য দেখার কথা বলেছে। পুলিশ আবরুর ব্যবহৃত ফ্লাই ই-বাইক আটক করেছে, যেটির কোনো লাইসেন্স প্লেট ছিল না।
কুইন্স ডিষ্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, থমাস আবরুকে আগামী রোববার সন্ধ্যায় কুইন্সে জেরা করা হবে। কর্তৃপক্ষ অন্যান্য আহতের নাম প্রকাশ করেনি।নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কমিশনার এডওয়ার্ড এ কাবান গত শনিবার বলেছেন যে, এ ধরনের ভয়াবহ ঘটনার দ্রুত তদন্ত আবশ্যক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আসামী গ্রেফতারের পর তিনি রোবার বলেছেন যে, আমরা কৃতজ্ঞ যে এই লোকটি আর আমাদের রাস্তায় অপরাধ সংঘটনের জন্য থাকবে না।
নিহত সাইয়েদির পুত্র আহমেদ আলসায়েদি (৬৫) রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন জীবনের আশায় তার পিতা ১৯৬২ সালে ইয়েমেনের সানা থেকে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে তিনি ক্যালিফোর্নিয়ায় ছিলেন এবং এক কৃষি খামারে কাজ করতেন। এরপর নিউইয়র্কে এসে একটি গ্রোসারি স্টোর চালু করেন। পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন এবং ১০ বছর আগে অবসর গ্রহণ করেন। তিনি একদিন তার ফেলে আসা জন্মভূমিতে ছোট্ট পার্বত্য গ্রামে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতেন, যেখানে তিনি বেড়ে উঠেছেন। আগামী ১৭ জুলাই তিনি তার ৩৮ বছর বয়স্ক নাতিকে নিয়ে ইয়েমেনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। শনিবার সকালে তিনি কুইন্সের রিচমন্ড হিলের বাড়ি থেকে হাঁটতে বের হন, যা তিনি নিয়মিত করতেন এবং নিকটস্থ ফরেস্ট পার্ক এর কাছাকাছি এলাকায় প্রতিদিন তিন থেকে চার মাইল হাঁটতেন এবং মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরতেন।
ঘটনার দিন তার পুত্র আলসায়েদি তার সৎমা’র কাছ থেকে ফোন পান যে তার পিতা মারা গেছেন। তারা তাকে ফোনে পায়নি। এরপর হাসপাতাল থেকে ফোন আসে। হাঁটার পর মসজিদেও দিকে যাওয়ার সময় তাকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পুত্র আলসায়েদি বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, পরিবার বিধ্বস্ত হয়ে গেছে। যা ঘটেছে, তা বিশ্বাস করার মত ঘটনা নয়। আমি ন্যায়বিচার চাই। এ ধরনের এলোপাতারি গুলিবর্ষণের ঘটনা আরো একবার নিউইয়র্কে ঘটেছিল ২০০৬ সালে। ম্যাথু কোলোটা নামে ৩৪ বছর বয়স্ক মানসিক অসুস্থ ব্যক্তি কুইন্সে ছয় ঘন্টা ধরে বাইক চালিয়ে একটি লাল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এক ব্যক্তি নিহত এবং অপর চার ব্যক্তি আহত হয়। ২০২২ সালে ব্রুকলিনে সাবওয়ে কারে এক ব্যক্তি এলোপাতারি গুলি ছুঁড়ে ১০ যাত্রীকে আহত করে।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh