বাংলাদেশ রিপোর্ট : | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
কুইন্স ডিষ্ট্রিক্ট অ্যাটর্নি পদে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন মেলিন্দা কাটজ। কুইন্স বরো হলের হেলেন মার্শাল কালাচারাল সেন্টারে বিচারক এবং অন্যান্যের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মেলিন্দা কাটজকে শপথ পাঠ করান সুপ্রিশ কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ জজ ডোনা-ম্যারি গোলিয়া।
অনুষ্ঠানে বিচারকবৃন্দ এবং স্টাফ সদস্যসহ প্রায় দুশ লোক উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে মেলিন্দা কাটজের ছোটো ছেলে হান্টার ওল্ড টেস্টামেন্টের কপি ধরে রাখেন এবং মেলিন্দা কাটজ পবিত্র গ্রন্থের ওপর হাত রেখে তার শপথ বাক্য উচ্চারণ করেন।
শপথ অনুষ্ঠানে তিনি বিগত চার বছরে তার অধীনে কুইন্স ডিষ্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের কর্মকান্ডের ফিরিস্তি দিয়ে বলেন, কুইন্সে বড় ধরনের অপরাধ মোকাবিলায় আমাদের প্রচেষ্টার কারণে আমরা গর্বিত, যার ফলাফল ছিল অসাধারণ। নিউইয়র্ক সিটিতে যেখানে গুলির ঘটনা ২৪ শতাংশ হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে কুইন্স কাউন্টিতে গুলি হ্রাস পেয়েছে ৩৩ শতাংশ।
সিটিতে হত্যাকান্ড কমেছে ১১ শতাংশ, আর কুইন্সে কমেছে ৩৯ শতাংশ। উল্লেখ্য, মেলিন্দা কাটজ কুইন্স কাউন্টির ইতিহাসে চার বছর আগে প্রথম নারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হওয়ার মাধ্যমে জনপ্রতিনিধির দায়িত্ব পালন শুরু করেন। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য ছিলেন। ২০১৩ সালে তিনি কুইন্স বরো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি দুই পুত্র সন্তানের মা।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh