বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৭ জুন ২০২৪
হান্টার বাইডেন ও জোয়ে কেস্তান। ছবি : রয়টার্স
ফৌজদারি অভিযোগে অভিযুক্তও হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এ কথা জানিয়েছেন তিনি। মূলত গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। সেই মামলারই বিচার চলছে এখন। ৭ জুন (শুক্রবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন, আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে তিনি তার ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করবেন না। সিএনএন বলছে, বর্তমানে ডেলাওয়্যারে হান্টার বাইডেনের বিচার চলছে এবং এই বিচারের ফলাফল তিনি মেনে নেবেন বলে প্রেসিডেন্ট বাইডেন নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউস অবশ্য আগেই বলেছিল, জো বাইডেন তার ছেলেকে ক্ষমা করবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে গত বছরের ডিসেম্বরে বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি; (বিচারে দোষী সাব্যস্ত হলে) প্রেসিডেন্ট তার ছেলেকে ক্ষমা করবেন না।’
মূলত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্যের অপব্যবহার বা আসক্ত হওয়ার পাশাপাশি বেআইনিভাবে বন্দুক কেনা এবং সেটি নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন। ৫৪ বছর বয়সী হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় সন্তান। বাইডেনের প্রথম স্ত্রী নেইলি হান্টারের গর্ভে জন্মেছিলেন তিনি।
১৯৬৬ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় নেইলি হান্টারের। এই দম্পতির দুই ছেলে বিউ বাইডেন ও হান্টার বাইডেন এবং মেয়ে নাওমি বাইডেন। ১৯৭২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেইলি হান্টার ও নাওমি বাইডেন নিহত হন। ২০১৫ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বাইডেন-নেইলির বড় সন্তান বিউ বাইডেনও। নেইলি হান্টারের মৃত্যুর ৫ বছর পর বর্তমান স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি জিল ট্রেসি জ্যাকব বাইডেনকে বিয়ে করেন জো বাইডেন। এই দম্পতির একমাত্র মেয়ের নাম অ্যাশলে বাইডেন। আইনশাস্ত্রে ডিগ্রি নেয়া হান্টার বাইডেন তার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আইন ব্যাবসায় নিয়োজিত ছিলেন।
২০ মিনিট পরপর কোকেন নিতেন হান্টার, সাবেক বান্ধবীর দাবি : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতেন। আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় আদালতের শুনানিতে হান্টারের (৫৪) সাবেক বান্ধবী জোয়ে কেস্তান এমনটাই দাবি করেছেন। শুনানিতে জোয়ে বলেন, হান্টারের সঙ্গে তাঁর প্রথম যখন দেখা হয়েছিল, তখন তাঁকে প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতে দেখেন তিনি। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালতে হান্টারের বিচার চলছে।
হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সে সময় তিনি মাদক (কোকেন) ব্যবহারকারী ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তাঁর আইনি দল বলেছে, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি আরোগ্যলাভ পর্যায়ে ছিলেন।
জোয়ে দাবি করেন, ২০১৭ সালের ডিসেম্বরে নিউইয়র্কের একটি ক্লাবে হান্টারের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। দেখা হওয়ার ১০ মিনিটের মধ্যে হান্টার কোকেন নিতে শুরু করেন। দুজনের মধ্যে সম্পর্ক থাকাকালে হান্টারের ঘন ঘন কোকেন নেওয়ার এই প্রবণতা তিনি লক্ষ করেছেন। মাদকের জন্য হান্টার প্রায়ই নগদ অর্থ তুলতেন। যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগে বিচার হচ্ছে। মামলায় হান্টারের বিরুদ্ধে তিনটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। সব কটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হলে তাঁর ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
Posted ৩:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh