বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত
৫২ বছর পর আবারও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য পায় দলটি।
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন অ্যাক্সেল তুয়ানজেবে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের সাবেক এই খেলোয়াড় ম্যাচের আগে বলেছিলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ—আর সেই ম্যাচেই তিনি দেশের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন।
কঙ্গোর পূর্বাঞ্চলের সংঘাতপীড়িত শহর বুনিয়ায় জন্ম নেওয়া তুয়ানজেবে অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে গোলটি করেন। ব্রায়ান সিপেঙ্গার কর্নার থেকে বলটি জ্যামাইকার ডিফেন্ডার জোয়েল লাটিবোডিয়ারের গায়ে লেগে দিক পরিবর্তন করে, এরপর সামনে থাকা তুয়ানজেবের শরীরে লেগে জালে ঢুকে পড়ে।
গোলের পর কিছুক্ষণ খেলা থামিয়ে সম্ভাব্য হ্যান্ডবলের বিষয়টি যাচাই করা হয়। তবে ভিডিও সহকারী রেফারি নিশ্চিত করে, বল তার হাতে লাগেনি—ফলে গোলটি বৈধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে কঙ্গোর স্ট্রাইকার সেদ্রিক বাকাম্বুর দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে ম্যাচের নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।
অন্যদিকে, ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ওঠার আশা দেখলেও জ্যামাইকা সমতাসূচক গোল করার মতো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।
এই জয়ের ফলে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে। ১৭ জুন হিউস্টনে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল। এরপর তারা কলম্বিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh