বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) বা ডাক পরিষেবা প্রথম-শ্রেণির ডাকটিকিটের মূল্য তিন সেন্ট বাড়িয়ে ৬৬ সেন্ট করছে। আগে প্রথম-শ্রেণির ডাকটিকিটের মূল্য ছিল ৬৩ সেন্ট। ফলে প্রথম-শ্রেণির ডাকটিকিটের মূল্য বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। ইউএসপিসি জানায়, ডাকটিকিটের নতুন দাম কার্যকর হয়েছে।
পরিচালন খরচ বেড়ে যাওয়ায় ডাকটিকিটের মূল্যবৃদ্ধি করতে হয়েছে। ডাকটিকিটের এই মূল্য সংযোজনের মাধ্যমে ডাক পরিষেবা থেকে রাজস্ব বাড়বে। টিকিটের মূল্যবৃদ্ধি হয়েছে গত ৪ বছরে ৩২ শতাংশ পর্যন্ত। এ ছাড়া সাধারণ শ্রেণির ডাক পরিষেবায় টিকিটের দামও ৩ সেন্ট বেড়েছে। যার মূল্য ৪৮ সেন্ট থেকে বেড়ে ৫১ সেন্ট হয়েছে। আন্তর্জাতিক ডাকটিকিটের মূল্য ১ ডলার ৪৫ সেন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ ডলার ৫০ সেন্টে।
করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পায়। এ ছাড়া একই সময়ে শ্রমিকের মজুরি বাড়াতে হয়েছে এবং ব্যবসা পরিচালনায় খরচ বৃদ্ধি করতে হয়েছে। এতে বিশ্বজুড়ে ব্যবসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও গত নয় মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবুও জুন মাসে বার্ষিক ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ৫ শতাংশ পর্যন্ত। যা এখনও ফেডারেল রিজার্ভ ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh