বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ০২ আগস্ট ২০২৬
প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ২ আগস্ট (রোববার) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত একই সঙ্গে রুল জারি করে জানতে চেয়েছেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ ধরনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
দীর্ঘদিন ধরে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন নিষ্পত্তি না হওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
শুনানি শেষে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লাখো প্রবাসী তাদের উপার্জিত অর্থ দেশে রেমিট্যান্স হিসেবে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু পাসপোর্ট প্রদান ও নবায়নের আবেদন দীর্ঘদিন ঝুলে থাকায় তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে চাকরিও হারাতে হচ্ছে, যা ব্যক্তি ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এইচআরপিবির পক্ষে রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ ও মাহবুবুল ইসলাম।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব, আইনসচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh