বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ছবি : সংগৃহীত
জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই হেরেছে বাংলাদেশ। কিউইদের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ২৫ রান দূরে থাকতেই অলআউট হয় টাইগাররা।
বাংলাদেশের এমন ধীরগতির ব্যাটিং এবং হারের ধরন দেখে অবাক হয়েছেন ম্যাচসেরা কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।
শুক্রবার (১৭ এপ্রিল) সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের লক্ষ্যে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ইনিংসের ২৫তম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রানের অর্ধেক তুলে ফেলেছিল সফরকারীরা।
তবে জয়ের নাগালে থাকা ম্যাচটি কঠিন হয়ে পড়ে মিডল অর্ডারের অতি সাবধানী ব্যাটিংয়ে। ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়তে থাকায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যার ফলে ২২১ রানেই থেমে যায় ইনিংস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট বাংলাদেশের ব্যাটিং কৌশল নিয়ে বলেন, বাংলাদেশ দলের ব্যাটিং দেখে আমি কিছুটা অবাকই হয়েছি। উইকেট কিছুটা স্লো হওয়ার সুবিধা আমাদের বোলাররা পাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের হাতে উইকেট ছিল।
আমি ভেবেছিলাম তারা শেষ দিকে বড় আক্রমণ করবে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ায় ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়।
এদিকে হারের পেছনে পিচের আচরণকে বড় কারণ হিসেবে দেখছেন টাইগার ওপেনার সাইফ হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল এবং প্রত্যাশার চেয়ে বেশি অসমান বাউন্স ছিল।
তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমাদের অবশ্যই ব্যাটিংয়ে উন্নতির জায়গা আছে এবং সেটা করতে পারলে দলের জন্যই ভালো হবে।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh