Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ, বিশ্ব রেকর্ড দাবি চিকিৎসকদের

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ, বিশ্ব রেকর্ড দাবি চিকিৎসকদের

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি শহরের একটি হাসপাতালে অস্ত্রোপচারটি করা হয়। ছবি : বিবিসি

শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি শহরের একটি হাসপাতালে অস্ত্রোপচারটি করা হয়। রোগীর বয়স ৫৫ বছর। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রস্রাব করতে সমস্যা হচ্ছে বলে চিকিৎসকদের নজরে আসে। পরে পরীক্ষায় মূত্রথলিতে পাথরের উপস্থিতি ধরা পড়ে।

অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা পাথরটি বের করে আনেন। এর ওজন ছিল ৩ দশমিক ১ কেজি বা প্রায় ৬ দশমিক ৮ পাউন্ড—যা একটি পূর্ণবয়স্ক নবজাতকের ওজনের কাছাকাছি। আকারেও এটি প্রায় উটপাখির ডিমের সমান।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক প্রহালাহান বালাকৃষ্ণান বলেন, উপলব্ধ নথি অনুযায়ী, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ ও নথিভুক্ত হওয়া সবচেয়ে বড় মূত্রথলির পাথর।

বালাকৃষ্ণান জানান, অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে ‘খুব ভালো’ আছেন। তবে স্ট্রোকসহ অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।

চিকিৎসক বালাকৃষ্ণানের ধারণা, পাথরটি ওই ব্যক্তির মূত্রথলিতে পাঁচ থেকে ১০ বছর ধরে ছিল।

মূত্রে থাকা বিভিন্ন খনিজ পদার্থ জমে স্ফটিক আকার ধারণ করলে ধীরে ধীরে মূত্রথলিতে পাথর তৈরি হয়। সাধারণত মূত্রথলি পুরোপুরি খালি না হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। মূত্র জমে ঘন হয়ে গেলে তাতে থাকা খনিজ পদার্থ স্ফটিক তৈরি করে এবং সময়ের সঙ্গে তা শক্ত পাথরে পরিণত হয়।

খুব ছোট পাথর, এমনকি বালুকণার মতো আকারের পাথরও অনেক সময় নিজে থেকেই শরীর থেকে বেরিয়ে যেতে পারে। তবে এক সেন্টিমিটারের বেশি বড় পাথর মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং চিকিৎসার প্রয়োজন হতে পারে। চার সেন্টিমিটারের বেশি আকারের মূত্রথলির পাথরকে সাধারণত ‘জায়ান্ট’ বা বিশাল পাথর হিসেবে বিবেচনা করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে বড় মূত্রথলির পাথর অপসারণের রেকর্ড ছিল ব্রাজিলের। ২০০৩ সালে এক রোগীর শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১ দশমিক ৯ কেজি ওজনের একটি পাথর বের করা হয়। সেটির দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার।

শ্রীলঙ্কায় অপসারণ করা পাথরটির দৈর্ঘ্য প্রায় ১৭ সেন্টিমিটার। ওজনের দিক থেকে এটি আগের রেকর্ডের তুলনায় প্রায় ১ দশমিক ৬ গুণ বড়। চিকিৎসকদের দাবি সত্য হলে, এটি মূত্রথলির পাথর অপসারণের নতুন বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পেতে পারে।

Posted ১০:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.