বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো– কে সেরা? এই বিতর্ক অনেকদিন ধরেই চলমান, ক্রীড়া বিশ্লেষকরা নানা দৃষ্টিকোণ থেকেই বর্তমানের সেরা দুই তারকার পক্ষে যুক্তি দেখান। অনেকের মতে অবশ্য সর্বোচ্চ আটটি ব্যালন ডি’অর এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মেসি কিছুটা এগিয়ে। আবার পাঁচবারের ব্যালন ডি’অর জয় ও ১০০০ গোলের পথে ছোটা সিআরসেভেনকেও পিছিয়ে রাখতে রাজি নন।
তবে এই দু’জনের কাউকেই শতাব্দীর সেরা ফুটবলারের তালিকাতেও রাখতে রাজি নন ব্রাজিল কিংবদন্তি কাফু। দুই সেরা ফুটবলারের বিতর্কে তিনি হাজির হয়েছিলেন তৃতীয় পক্ষ হিসেবে। ইন্টার মিলান, রোমার এই বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এক পডকাস্ট অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছেন। এর মাঝে চাঞ্চল্য ছড়িয়েছে নেইমারকে ‘মেসি-রোনালদোদের চেয়ে সেরা’ উল্লেখ করা কাফুর মন্তব্য নিয়ে। যা খুব দ্রুত ওই অঞ্চলের নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে।
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা কাফু বলছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে নেইমার মেসির তুলনায় বড় (খেলোয়াড়)। এটি হতে পারে মেসির প্রতিশ্রুতির জায়গা ভিন্ন। বর্তমান প্রজন্মের দিকে তাকালে নেইমার অন্যদের চেয়ে উঁচু জায়গায় আছে। মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, এমবাপে…। নেইমারের প্রতিভা তাদের চেয়ে বেশি। কিন্তু যখন প্রতিশ্রুতির বিষয় আসবে, আমি সিআরসেভেনকে বেছে নেব।’
মেসি-রোনালদোর চেয়ে নেইমারকে ভিন্ন দৃষ্টিতে এগিয়ে রাখার ব্যাখ্যায় কাফু বলেন, ‘গত ১৫ বছর ধরে নেইমার তার সমপর্যায়ের কোনো সঙ্গী পায়নি, যে তার সঙ্গে মাঠের দায়িত্ব ভাগ করে নেবে। দীর্ঘ সময় ধরে তাকে একা সব সামলাতে হয়েছে, যা তার পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে।’ চোটজর্জর ক্যারিয়ার নেইমারের, যে কারণে তার আসন্ন ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ না হওয়ারও শঙ্কা তৈরি হয়েছে। ফিফার মার্চ উইন্ডোতেও তাকে দলে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ বরাবরই জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেতে শতভাগ ফিট থাকাকে প্রাধান্য দিয়ে আসছেন। নেইমারের ক্ষেত্রেও বারবার সেই শর্ত স্মরণ করিয়ে দেন আনচেলত্তি। ইতালিয়ান এই টেকটেশিয়ানের এমন অবস্থানকে অবশ্য সমর্থন করেন কাফু, ‘আনচেলত্তি অত্যন্ত স্বচ্ছ এবং সোজাসাপ্টা মানুষ। তিনি অযথা কথা বলেন না। নেইমারকে দলে ফিরতে হলে নিয়মিত খেলতে হবে এবং কঠোর অনুশীলন করতে হবে।’
প্রসঙ্গত, আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে মেসি-রোনালদো দুজনেরই যার যার দেশকে প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফার এই মেগা ইভেন্ট। যেখানে ‘সি’ গ্রুপের ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এ ছাড়া ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা মোকাবিলা করবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে, ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ফিফা প্লে অফ ১ জয়ী (কঙ্গো, জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া), উজবেকিস্তান ও কলম্বিয়া। ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই হবে বিশ্বকাপের ফাইনাল।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh