বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২০ মে ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের তাদের নিজ দেশে রেমিট্যান্সের অর্থ পাঠাতে অতিরিক্ত পাঁচ শতাংশ কর দেওয়ার বিধান রেখে একটি বিল দেশটির প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে। খবর : এনডিটিভির।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এই বিলটি গত শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বাজেটবিষয়ক পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছিল। রোববার সেটির ওপর ভোট হয়েছে বাজেট কমিটিতে। ভোটের পর দেখা গেছে খুবই অল্প ব্যবধানে, ১৭ থেকে ১৬ ভোটে পাস হয়েছে বিলটি।
বাজেট কমিটিতে পাস হওয়ার পর প্রতিনিনিধি পরিষদের ভোটের দিকে অগ্রসর হচ্ছে এই বিলটি। বিলটি যদি প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হয়, তাহলে তা আইনে পরিণত হবে। আর তা হলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য তাদের নিজ দেশে অর্থ পাঠানো অনেকটা ব্যয়বহুল হয়ে উঠবে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সব অভিবাসীকে করের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে। এমনকি গ্রিনকার্ড কিংবা এইচ-১বি ভিসাধারী অভিবাসীদেরও এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।
এক হাজার ১১৬ পাতার এই বিলে করের ব্যাপারে ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো সীমার কথা উল্লেখ করা হয়নি। যার অর্থ কম-বেশি যে অঙ্কের রেমিট্যান্সই পাঠানো হোক না কেন পাঁচ শতাংশ কর দিতেই হবে। তবে কেউ যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তবে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।
নতুন বিলটি নিয়ে অবশ্য ট্রাম্পের নিজ দলের মধ্যেই মতভেদ রয়েছে। গত শুক্রবার বিলটির ওপর যখন বাজেট কমিটির ভোট হচ্ছিল, সে সময় ডেমোক্রেটিক পার্টির এমপিদের পাশাপাশি পাঁচ রিপাবলিকান সদস্যও বিলের বিপক্ষে ভোট দিয়েছিলেন।
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh