বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
জেনিফার লরেন্স। ছবি : সংগৃহীত
বিশ্ব জুড়ে সমাদৃত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। বছর জুড়েই নানা কারণে আলোচনার জন্ম দিলেও কাজ থেকে থেমে থাকেন না ‘হাঙ্গার গেমস’ খ্যাত এ তারকা। ভালো গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করেন তিনি। দুবার অস্কারজয়ী এই অভিনেত্রী এবার কাজ করছেন অস্কারজয়ী হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেজির সিনেমায়। পিটার ক্যামেরনের হরর উপন্যাস ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এতে জেনিফার লরেন্সের সঙ্গে অভিনয় করবেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সিনেমাটি প্রযোজনা করছে অ্যাপল অরিজিনাল ফিল্মস। তাদের সঙ্গে স্টুডিও ক্যানালের আলাপ চলছে। কারণ পিটার ক্যামেরনের বইয়ের স্বত্ব তাদের কাছে আছে।
দুই বছর আগে ২০২৩ সালে তারা বইটির স্বত্ব কেনেন। বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ করছেন স্করসেসি। বইটি থেকে চিত্রনাট্য লিখবেন খোদ স্করসেসি। তার সহযোগী হিসেবে আছেন প্যাট্রিক মারবার। তিনি অস্কার মনোনীত ‘নোটস অন আ স্ক্যান্ডাল’-এর জন্য প্রশংসিত। পাশাপাশি ডিক্যাপ্রিও ও লরেন্সের মতো অস্কার বিজয়ীদের যুক্ত হওয়ায় এ প্রকল্প নিয়ে দর্শক ও সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে উঠেছে।
পিটার ক্যামেরনের গল্প একটি আমেরিকান দম্পতিকে ঘিরে আবর্তিত হয়। তারা একটি শিশু দত্তক নিতে একটি অদ্ভুত, তুষারাবৃত ইউরোপীয় শহরে আসে। বইয়ের সারাংশে বলা হচ্ছে, ‘এটি একটি কঠিন যাত্রা যা স্ত্রীর (যিনি ক্যানসারে আক্রান্ত) শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে তোলে এবং স্বামী উদ্বিগ্ন হয় যে তার স্ত্রীর অসুস্থতা যেন শিশু গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না করে।’ বর্তমানে জেনিফার লরেন্স ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘ডাই মাই লাভ’ নিয়ে।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh