বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি : সংগৃহীত
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন। বৃহস্পতিবার তার নতুন হোল্ডিং প্রতিষ্ঠান ‘সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টস’ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, ফুটবল প্রশাসন ও মালিকানায় যুক্ত হওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই বিনিয়োগ। একজন খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার চলমান থাকলেও ফুটবলের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার আগ্রহ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।
বর্তমানে স্প্যানিশ দ্বিতীয় বিভাগে তৃতীয় স্থানে রয়েছে আলমেরিয়া। সরাসরি লা লিগা-য় উন্নীত হওয়ার জায়গা থেকে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে। সর্বশেষ ২০২৪ সালে শীর্ষ লিগে খেলেছিল ক্লাবটি।
ক্লাবটির মালিকানা রয়েছে সৌদি গ্রুপ এসএমসির হাতে। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানিয়েছেন, রোনালদো বিশেষ করে যুব একাডেমি ও ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির প্রকল্পে সক্রিয় ভূমিকা রাখবেন।
২০২৩ সাল থেকে আল নাসর-এর হয়ে খেলছেন রোনালদো। ক্লাবটিতেও তার শেয়ার রয়েছে। সম্প্রতি শেষ তিন ম্যাচে চার গোল করে ভালো ফর্মে আছেন তিনি।
গত অক্টোবরে ব্লুমবার্গ-এর ‘বিলিয়নিয়ার ইনডেক্স’-এ জায়গা পাওয়া প্রথম ফুটবলার হন রোনালদো। সামনে গ্রীষ্মে সম্ভাব্য ষষ্ঠ ফিফা বিশ্বকাপ-এ অংশ নেওয়ার লক্ষ্যেও প্রস্তুতি নিচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা, যা হতে পারে তার শেষ বিশ্বকাপ।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh