রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাউজে চরম অচলাবস্থা : ম্যাকার্থির পর কে হবেন স্পিকার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

হাউজে চরম অচলাবস্থা : ম্যাকার্থির পর কে হবেন স্পিকার

গত মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকারকে অপসারণের পর থেকে হাউজ মেম্বাররা চরম অনিশ্চয়তার মধ্যে আছেন যে, কে হতে যাচ্ছেন পরবর্তী স্পিকার। কখন নতুন স্পিকার হাউজের নেতৃত্ব দিতে যাচ্ছেন তা নিয়ে গতকাল বুধবার হাউজ কার্যত অচলাবস্থার মধ্যে ছিল। মঙ্গলবার হাউজে ২১৬-২১০ ভোটে স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত করার পর আইনপ্রনেতারা তড়িঘড়ি রাজধানী ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন নিজ নিজ নির্বাচনী ডিস্ট্রিক্টে চলে যান রিপাবলিকানদের গভীর বিভক্তির মধ্যে ফেলে। তারা কেউ নিশ্চিত নন যে নানা উপদলে বিভাজিত হাউজকে কে সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।

প্রথমবারের মতো কোনো হাউজ স্পিকারকে তার ইচ্ছার বিরুদ্ধে অপসারণের জন্য মঙ্গলবার বিকেলে হাউজে ভোটের পর পরই ক্যাপিটল হিলের লবিতে এক রিপাবলিকান আআনপ্রনেতাকে বলতে শোনা যায়, “এখন কি হবে?” তার এ হতাশার মধ্য দিয়ে উপলব্ধি করা সহজ ছিল যে, কারো পক্ষে যদি হাউজ পরিচালনার সামর্থ না থাকে, তাহলে সে হাউজ বাস্তবে স্থবির হয়ে যায়। অপসারিত স্পিকার কেভিন ম্যাকার্থির স্থলে এখন নতুন একজন যোগ্য স্পিকার বাছাই করতে না পারলে হাউজ পরিচালনা করা সহজ হবে না। দলীয় ডানপন্থী বিদ্রোহের কারণে অপসারিত ম্যাকার্থি অবশ্য বলেছেন যে, তিনি পুনরায় স্পিকার পদে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। স্পিকার পদে এখন যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এর ফলে হাউজে যাতে কোনো বিপর্যয় না ঘটে, সেজন্য উদ্ভুত পরিস্থিতিতে হাউজ পরিচালনা করতে তিনি সম্ভাব্য অন্তবর্তী স্পিকার হিসেবে তালিকার প্রথম ব্যক্তি নর্থ ক্যারোলিনার রিপ্রেজেন্টেটিভ প্যাট্রিক টি ম্যাকহেনরির নাম উল্লেখ করেছেন।

নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, কোনো রিপাবলিকান নিজ উদ্যোগে স্পিকার পদের জন্য আগ্রহ ব্যক্ত না করলেও রিপাবলিকান আইনপ্রনেতার মধ্যে আলোচনায় কয়েকটি নাম উচ্চারিত হয়েছে। তারা হচ্ছেন: নর্থ ক্যারোলিনার রিপ্রেজেন্টেটিভ প্যাট্রিক টি ম্যাকহেনরি ও ওকলাহোমার রিপ্রেজেন্টেটিভ ও রুলস কমিটি চেয়ারম্যান টম কোল, লুইজিয়ানার স্টিভ স্কেইজ ও মিনেসোটার টম এমার। তাদের মধ্যে শেষোক্ত দু’জনই স্পিকার পদের সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। টেক্সাসের রিপাবলিকান রিপ্রেজেন্টিটিভ টনি গনজালেস বলেছেন, ‘এ ধরনের একটি পরিস্থিতিতে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য স্টিভ স্কেইজ উপযুক্ত ব্যক্তি।

নিজ দলের অভ্যন্তররীণ কোন্দল এবং ডানপন্থিদের ক্রমাগত চ্যালেঞ্জের মুখে অবশেষে নজিরবিহীন ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ থেকে সরে দাঁড়াতে হলো কেভিন ম্যাকার্থিকে। ৩ অক্টোবর সন্ধ্যায় ২১৬-২১০ ভোটে ম্যাকার্থিকে স্পিকারের পদ থেকে অপসারিত হতে হয়। হাউজ স্পিকারকে অপসারিত করার এ ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। ম্যাকার্থিকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি শুরু করা ফ্লোরিডার ডানপন্থি কংগ্রেসম্যান ম্যাট গায়েটজ বলেন, ‘যে ভূমিকা নেওয়ার কথা ছিল স্পিকার ম্যাকার্থির, তিনি তা পালনে ব্যর্থ হয়েছেন।’ নজিরবিহীন এই ভোট তুলে ধরেছে রিপাবলিকান পার্টির টালমাটাল পরিস্থিতিকে। জানুয়ারিতে স্পিকার হওয়ার পর কয়েকবার ম্যাকার্থিকে সরানোর উদ্যোগ নিয়েছিল দলের ডানপন্থিরা। তবে তাকে সরিয়ে কাকে বসানো হবে ওই পদে সে বিষয়ে পরিষ্কারভাবে কোনো প্রার্থী দাঁড় করাতে পারেননি তারা।
গত ৩ অক্টোবর ভোটে আটজন রিপাবলিকান সদস্য ম্যাকার্থির স্পিকার পদ রক্ষার শেষ সুযোগেও বাদ সাধেন। অন্যদিকে, ম্যাকার্থিকে নিয়ে হতাশ ডেমোক্র্যাটরাও তার পক্ষে ভোট দিতে অস্বীকৃতি জানান। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জা-পিয়েরে জানান, প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করেছেন, পরিষদ খুব শিগগিরই একজন নতুন নেতা নির্বাচন করতে পারবে এবং জরুরি চ্যালেঞ্জগুলোর জন্য জাতিকে আর অপেক্ষ করতে হবে না। জা-পিয়েরে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাদের জীবনের ওপর প্রভাব বিস্তার করে এমন ঘটনার জন্য সঠিক নেতৃত্বকে বেছে নিতে সঠিক কাজটি করে থাকেন।’ স্পিকার ছাড়া প্রতিনিধি পরিষদে এখন কোনো বিল পাস করা যাবে না। অন্যদিকে, ম্যাকার্থিও ঘোষণা দিয়েছেন, তিনি স্পিকার পদে আর লড়বেন না।

কে হতে পারেন স্পিকার : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একদল ছোট বিদ্রোহী রিপাবলিকান ইতিহাস তৈরি করেছেন। তাঁরা তাঁদের নেতা, প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে পদচ্যুত করতে সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। গত সোমবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ থেকে ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গত ৩ অক্টোবর প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবটি ২১৬-২০৮ ভোটে পাস হয়। প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ব্যবধানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আছে। ম্যাকার্থির বিপক্ষে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে ২০৮ জন ডেমোক্রেটিক পার্টির সদস্য। বাকি আটজন ম্যাকার্থির রিপাবলিকান পার্টির সদস্য। অর্থাৎ রিপাবলিকান পার্টির কট্টরপন্থী এই আট বিদ্রোহী সদস্যই মূলত ম্যাকার্থির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ম্যাকার্থির উত্তরসূরি কে হতে পারেন? এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ম্যাকার্থির উত্তরসূরি কে হবেন, তা এখনই স্পষ্ট নয়। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার সম্ভাবনা আছে, এমন কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে রয়টার্স। তাঁরা হলেন-

স্টিভ স্কেইজ : প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা স্টিভ স্কেইজ। ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ বলেছেন, স্পিকার পদে স্কেইজকে সমর্থন দেবেন তিনি। স্কেইজ ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত রিপাবলিকান দলীয় হুইপ ছিলেন। স্পিকার হওয়ার ক্ষেত্রে তাঁর ভালোই সম্ভাবনা আছে।
টম এমার : টম এমার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় হুইপ। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের প্রচারাভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। এই নির্বাচনের মধ্য দিয়েই প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে রিপাবলিকানদের হাতে যায়। জিম জর্ডান : জিম জর্ডান প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র হিসেবে পরিচিত। গত জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের সময় তাঁকে এই পদে মনোনয়ন দিয়েছিলেন কিছু বিদ্রোহী রিপাবলিকান। তিনি প্রথম দফার ভোটাভুটিতে ২০ ভোট পেয়েছিলেন।
বায়রন ডোনাল্ডস : বায়রন ডোনাল্ডস একজন কট্টরপন্থী রিপাবলিকান। তাঁকে রিপাবলিকান পার্টির একজন উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হয়। গত জানুয়ারির স্পিকার নির্বাচনে লড়েছিলেন তিনি। একটি দফার ভোটে তিনি ২০ ভোট পেয়েছিলেন।
প্যাট্রিক ম্যাকহেনরি : প্যাট্রিক ম্যাকহেনরি প্রতিনিধি পরিষদের ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান। তিনি ম্যাকার্থির একজন মিত্র। ম্যাকার্থিকে স্পিকারের পদ থেকে অপসারণের লক্ষ্যে ভোটাভুটি হওয়ার আগে তাঁর সমর্থনে কথা বলেছিলেন ম্যাকহেনরি।
ডোনাল্ড ট্রাম্প : ঐতিহাসিকভাবে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদ তার সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচন করে এসেছে। তবে সংবিধানে এমন কোনো বিধান নেই যে স্পিকারকে প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য হতে হবে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু রিপাবলিকান মিত্র এমন কথা বলছেন, স্পিকার হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারেন। তবে ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, তিনি এই পদের ব্যাপারে আগ্রহী নন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে চান তিনি।

প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে গত জানুয়ারিতে একাধিক দফার ভোটাভুটি হয়েছিল। ভোটাভুটিতে স্পিকার পদে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ। তিনি গত সোমবার সাংবাদিকদের বলেন, প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার জন্য কারও কংগ্রেসের সদস্য হওয়ার দরকার পড়ে না।

এখন কার স্পিকার হওয়া উচিত—এ বিষয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য অ্যান্ডি ওগলস গত ৩ অক্টোবর তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি জরিপধর্মী প্রশ্ন পোস্ট করেন। এই প্রশ্নে তিনি সম্ভাব্য প্রার্থী (অপশন) হিসেবে আটজনের নাম দেন। আরেকটি বিকল্প ছিল ‘অন্যান্য’।

নামগুলো হলো— ১. আরিংটন, ২. ডোনাল্ডস, ৩. ইমার, ৪. জনসন (লুজিয়ানা), ৫. জর্ডান, ৬. ম্যাকার্থি, ৭. স্কেলাইজ, ৮. ট্রাম্প, ৯. অন্যান্য
হাকিম জেফ্রিজ : প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিজ। গত জানুয়ারিতে স্পিকার নির্বাচনের ১১ দফার ভোটে তিনি ম্যাকার্থির চেয়ে বেশি ভোট পেয়েছিলেন।

কেভিন ম্যাকার্থি : পদচ্যুত কেভিন ম্যাকার্থি গত ৩ অক্টোবর সাংবাদিকদের বলেছেন, তিনি আর প্রতিনিধি পরিষদের স্পিকার পদের জন্য লড়বেন না। দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখাসহ ‘শাটডাউন’এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাস হয়।

অচলাবস্থা এড়াতে প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ম্যাকার্থি ৪৫ দিনের এই তহবিল বিলের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতারা বিলটির বিরোধিতা করছিলেন। পরে বিলটি কংগ্রেসের উভয় কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হয়। প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হয়। বিলটি পাসের পরপরই ম্যাকার্থি স্পিকারের পদ হারানোর ঝুঁকিতে পড়েন। শেষ পর্যন্ত নিজ দলের কট্টরপন্থী বিদ্রোহী সদস্যদের কারণে তাঁকে স্পিকারের পদ হারাতে হলো।

Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.