বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া ৪৮টি দলের তালিকা এখন চূড়ান্ত। ইউরোপিয়ান প্লে-অফের মাধ্যমে শেষ ছয়টি দল নিশ্চিত হয়। ইউরোপ থেকে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চেক প্রজাতন্ত্র।
অন্য দুটি স্থান আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে নিশ্চিত করেছে ইরাক ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। ডিআর কঙ্গো জ্যামাইকাকে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে। অন্যদিকে বলিভিয়াকে পরাজিত করে প্রায় চার দশক পর আসরে ফিরেছে ইরাক।
এর আগে সরাসরি যোগ্যতা অর্জন করা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে কুরাসাও। ক্যারিবিয়ান দ্বীপদেশটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়ে সবচেয়ে ছোট দেশ হিসেবে নজির গড়েছে। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো; এই তিন আয়োজক দেশে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।
মহাদেশভিত্তিক বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলসমূহ
এশিয়া (৯ দল): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরাক উত্তর ও মধ্য আমেরিকা (৩ দল, আয়োজক ছাড়া): কুরাসাও, হাইতি, পানামা
ওশেনিয়া (১ দল): নিউজিল্যান্ড
দক্ষিণ আমেরিকা (৬ দল): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
আফ্রিকা (১০ দল): আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, ডিআর কঙ্গো
ইউরোপ (১৬ দল): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, বসনিয়া ও হার্জেগোভিনা
এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে অংশ নিচ্ছে ৪৮টি দল। মানে, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ১৬টি দল বেশি।
Posted ৭:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh