বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ট্রাকের ট্রাফিক কমানো এবং প্যাকেজ চুরি হ্রাস করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ সিটির পনেরোটি স্থানে সাইডওয়াকে বিনামূল্যে ব্যবহারের জন্য লকারের ব্যবস্থা করা হবে। বিগত কয়েক বছর যাবত সিটিতে প্যাকেজ চুরি বেড়েছে।
প্রাপকরা অনলাইনে দেখতে পাচ্ছেন যে তাদের প্যাকেজ ডেলিভারি দেওয়া হয়েছে, কিন্তু দরজা খুলে দেখেন প্যাকেজ হাওয়া। অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতেও একই চিত্র। কারণ ডোরম্যান নেই, অ্যাপার্টমেন্টে পড়শিরাও অনেক সময় বন্ধুসুলভ নয়। সেজন্যে কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে ফ্রি লকারের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করেছে। চলতি সামার থেকেই এগুলো চালু করা হবে বলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে লকারগুলোর অবস্থান কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
গত শুক্রবার সিটির কর্মকর্তাগণ ঘোষণা করেছেন যে, সাইডওয়াকের ইলেকট্রনিক লকারগুলো বিনামূল্যে ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে। শিপিং কোম্পানিগুলো কোনো ব্যক্তির প্যাকেজ নির্দিষ্ট কোনো লকারে ডেলিভারি দেওয়ার পর ওই ব্যক্তি একটি পিন নম্বর বা বারকোড পাবেন ইলেকট্রনিক লকার খোলার জন্যে এবং তিনি তার প্যাকেজ নিয়ে নিতে পারবেন। চুরি ঠেকানোর জন্যে লকারগুলো সারভেইলেন্স ক্যামেরার আওতায় থাকবে। ‘গো’লকার (এড়খড়পশবৎ) নামে সিটির একটি কোম্পানি এই লকারগুলো স্থাপন ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবে। ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এর তত্বাবধানে এটি প্রথমে এক বছরের পাইলট প্রজেক্ট হিসেবে থাকার পর যথাযথ মূল্যায় করা হবে যে, এ পদ্ধতি কতটা কার্যকর।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানান যে, ‘লকার-এনওয়াইসি’ নামের এই প্যাকেজ লকারগুলো অ্যাপার্টমেন্ট ভবনের কাছেই কোনো ফাঁকা স্থানে ও প্রশস্ত সাইডওয়াকে এমনভাবে স্থাপন করা হবে, যাতে পথচারিদের হাঁটাচলার কোনো বিঘ্ন না ঘটে। লকার স্থাপনে প্রাধান্য পাবে পুরোনো অ্যাপার্টমেন্ট ভবনগুলো, যেসব ভবনে আধুনিককালে নির্মিত ভবনের নিচতলায় নিরাপদ মেইলরুম নেই। লকারগুলো হবে সাদা, ধূসর বা কালো রঙের, উচ্চতা হবে প্রায় ৭ ফুট এবং প্রস্থে ৮ থেকে ১০ ফুট এবং প্রতিটি লকারে গড়ে ৫৩টি কম্পার্টমেন্ট থাকবে। রোদ ও বৃষ্টি থেকে রক্ষার জন্য লকারগুলোর ওপরে থাকবে ক্যানোপি বা ছাউনি।
লকার স্থাপনকারী প্রতিষ্ঠান ‘গো’লকার’ সাইডওয়াকে ১৫টি লকার এবং বিভিন্ন রিটেইল স্টোরের অভ্যন্তরে আরো ১৫টি লকার স্থাপনের জন্য সিটিকে ৫ লাখ ডলার পরিশোধ করবে। এই কোম্পানিটি সিটির বহু লন্ড্রোমেট, ব্যাগেল শপ ও প্ল্যান্ট নার্সারিতে ইনডোর প্যাকেজ লকার পরিচালনা করছে। তারা লকার ব্যবহারকারী শিপিং কোম্পানিগুলোর কাছে ফি আদায় করবে। সিটি আশা করছে যে লকার ব্যবস্থা যদি সফলভাবে কাজ করতে সক্ষম হয়, তাহলে এর সম্প্রসারণ করা হবে।
কারণ ডেলিভারি ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় ম্যানহাটানসহ বহু স্থানে রাস্তায় জট বেঁধে যায়। বিশেষ করে করোনা মহামারীর পর থেকে অনলাইন শপিং বৃদ্ধি পাওয়ায় ডেলিভারি ট্রাক ট্রাফিক চলাচল বহুগুণে বৃদ্ধি পেয়েছে, বায়ুদূষণ বেড়েছে, ব্যবসার খরচ বেড়েছে এবং পথচারি ও সাইকেল চালকদের জন্য নিরাপত্তার সমস্যা সৃষ্টি করেছে। লকারএনওয়াইসি এ অবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ আশা করছে সিটি প্রশাসন।
জাপানে এ ধরনের লকার ব্যবস্থা রয়েছে, সেখানে একটি কোম্পানি জাপানের ৭,০০০ স্থানে লকার স্থাপন ও পরিচালনা করছে, যার মধ্যে সাড়ে ৪ হাজারই টোকিও সিটিতে। একই কোম্পানি ফ্রান্সে ১,৫০০ লকার এবং যুক্তরাজ্যে ৫ হাজার লকার স্থাপন করেছে।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh