বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
নিউইয়র্ক সিটির রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টে বসবাসকারী ১০ লাখ ভাড়াটিয়ার বাড়ি ভাড়া গত ১ অক্টোবর থেকে ৩ শতাংশ হারে বেড়েছে। ভাড়া বৃদ্ধি সংক্রান্ত ‘নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইনস বোর্ডে ৫-৪ ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। এ সিদ্ধান্ত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। অ্যাপার্টমেন্ট মালিকরা প্রথমে রেন্ট গাইডলাইনস বোর্ডের কাছে ৭ শতাংশ ভাড়া বৃদ্ধি করার জন্য প্রস্তাব করেছিল।
কিন্তু আলাপ আলোচনার পর ৩ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা মূল প্রস্তাবের অর্ধেকেরও কম। ভাড়া বৃদ্ধি বার্ষিক কিভাবে সমন্বয় করা হয়েছে সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, এক বছরের লিজের ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ৩%। দুই বছরের লিজের ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৩ থেকে প্রথম এক বছর, অর্থ্যাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ২.৭৫% এবং দ্বিতীয় বছরের জন্য ৩,২%। ভাড়া বৃদ্ধি সম্পর্কে একজন ভাড়াটিয়া ফক্স ৫ এনওয়াই টিভি’কে বলেছেন যে, ‘তারা মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না। তারা মনে করে যে তারা কুকুর, গাছ ও আবর্জনার সঙ্গে কথা বলছে। আমাদের কথা তারা ভাবে না।’
ভাড়াটিয়ার সবসময় অভিযোগ করে আসছেন যে রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টে ভাড়া অধিক, তার ওপর দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধগতিতে নিউইয়র্কের অধিবাসীরা হিমশিম খাচ্ছে। গত বছর ভাড়াটিয়াদের পক্ষে প্রবক্তা গ্রুপ ‘রেন্ট জাস্টিস কোয়ালিশন’ অ্যাপার্টমেন্ট ভাড়ার বৃদ্ধির সর্বশেষ প্রস্তাবকে অত্যন্ত আপত্তিকর বলে উল্লেখ করে মেয়র এরিক অ্যাডামকে দোষারূপ করেছেন সিটিবাসীর ওপর আর্থিক চাপ সৃষ্টির জন্য। গবেষণা প্রতিষ্ঠান ‘মিলার স্যামুয়েল’ এবং ব্রোকারেজ প্রতিষ্ঠান ‘ডগলাস এলিম্যান’ এর রিপোর্টে নিউইয়র্ক সিটির মাঝারি আয়ের বাসিন্দাদের মাসিক বাড়ি ভাড়ার পরিমাণ ৪,৪০০ ডলার বলে উল্লেখ করেছে, যা ম্যানহাটানের মতো জায়গায় আরো বেশি, মাসিক ৫,৫০০ ডলার।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh