বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
নিউইয়র্ক সিটিতে আবাসিক সঙ্কট বৃদ্ধির জন্য সিটিতে বসবাসকারী বিত্তবানরা অধিক দায়ী বলে ‘মানিওয়াইজ’ নামে এক নিউজ পোর্টালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিত্তশালীরা তাদের সুবিধার জন্য সিটির প্রায় ৫০ হাজার মাল্টি-ফ্যামিলি হাউজকে এক অথবা দুই ফ্যামিলির বাড়িতে রূপান্তরিত করেছে। এ প্রবণতা শুরু হয়েছে ১৯৫০ এর দশক থেকে। কলাম্বিয়া ইউনিভার্সিটির ২০২৩ সালের নিউইয়র্ক সিটির বিল্ডিং রেকর্ড বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, এর ফলে সিটি প্রায় ১০০,০০০ ইউনিট বাড়ি হারিয়েছে, এবং এই বিপুল সংখ্যক ইউনিট সিটির পক্ষে দুই তিন বছরের তৈরি করা সম্ভব হয় না।
সিটির ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের অন্যতম প্রবক্তা ও হাউজিং বিষয়ে গবেষক অ্যাডাম ব্রডহেইম গত অক্টোবরে নিউইয়র্ক টাইমসকে বলেছেন যে, কারো পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে তারা অ্যাপার্টমেন্টের আকার বৃদ্ধি করতে পারে, কিন্তু মাল্টি-ফ্যামিলি হাউজকে সিঙ্গেল বা ডাবল ফ্যামিলি হাউজে রূপান্তরিত করার কারণে সিটিতে বিদ্যমান হাউজিং সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক সিটিতে সরকারি হিসেবে প্রায় ৮৫ লাখ লোক বসবাস করলেও তাদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নেই। সিটির অনেক মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে গাদিাগাদি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে (এনওয়াইসিএইচএ) প্রতিবছর অসংখ্য লোক অ্যাপার্টমেন্ট বরাদ্দ পাওয়ার আশায় দরখাস্ত করে। কিন্তু বছরের পর বছর বরাদ্দ পাওয়ার অপেক্ষা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়।
সিটিতে বসবাসকারী ধনবান মানুষের একটি অংশ সবুজ নেইবারহুডের আশায় কোলাহলপূর্ণ এলাকা থেকে চলে যায়, কিন্তু তাদের বড় অংশ তাদের লাভের জন্য আবাসিক বাড়ি ও অ্যাপার্টমেন্টকে বাণিজ্যিক স্পেস হিসেবে অনুমোদন করিয়ে নেয়। কমার্শিয়াল রিয়েল এস্টেট এ কর্মরত টিমন ম্যালোবি ম্যানহাটানের আপার ওয়েস্ট সাইডে বাস করেন। তিনি তার নিজ কোম্পানি নির্মিত একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন এবং ওপর তলা ও নিচ তলার মধ্যে একটি সিড়ি তৈরি করাসহ রেনোভেশন কাজে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করেছেন। অথচ তার কেনা অ্যাপার্টমেন্ট স্পেসে কয়েকটি পরিবারের আবাসিক সংস্থান হতে পারতো এবং অহেতুক কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হতো না। এ ধরনের অপচয়ের কারণে ওইসব এলাকায় অ্যাপার্টমেন্টের মূল্য বাড়তে বাড়তে আকাশচুম্বি হয়ে গেছে।
অতি সাম্প্রতি তথ্যউপাত্ত অনুযায়ী বর্তমানে নিউইয়র্ক সিটির পিছিয়ে পড়া এলাকাগুলোতেও মাঝারি মানের একটি বাড়ির মূল্য ৭৬৫,০০০ ডলার এবং ওইসব এলাকায় দুই বেডরুমের বাড়ি ভাড়ার পরিমাণ ২,৫০০ ডলার এবং তিন বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ভাড়া ৩,৫০০ ডলার। ঐতিহাসিক সংরক্ষণ প্রবক্তা অ্যাডাম ব্রডহেইম এর মতে আমরা যখন নিউইয়র্ক সিটির মতো কোনো আরো বেশি সংখ্যক হাউজিং ইউনিট যোগ করতে চাই, কিন্তু বাস্তবে এর বিপরীত অবস্থা ঘটে। বাড়ির সামনে থেকে দেখার কোনো উপায় থাকে না যে, ভেতরে কি পরিবর্তন ঘটে গেছে এবং এভাবে হাজার হাজার অ্যাপার্টমেন্ট হিসাবে থাকলেও বাস্তবে নেই। ন্যাশনাল নেইবারহুড ইন্ডকেটরস পার্টনারশিপ’ নামে একটি সংগঠনের মতে, নিউইয়র্ক সিটিতে এ ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে। এ অবস্থা নিয়ন্ত্রণ করার মতো কোনো বিধিবিধান নেই বলে সিটির আবাসিক সঙ্কট দূর করার আশু সম্ভাবনাও নেই বলে মনে করেন অ্যাডাম।
Posted ৫:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh