বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
নিউইয়র্ক সিটিতে বসবাসকারী নিম্ন আয়ের বাসিন্দাদের বাড়িভাড়া সহায়তার লক্ষ্যে ‘রেন্ট ভাউচার প্রোগ্রাম’ এর আওতা সম্প্রসারণ করতে সিটি হলকে বাধ্য করার উদ্দেশ্যে ‘দ্য লিগ্যাল এইড সোসাইটি’ আগামী সপ্তাহে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে। সিটি কাউন্সিল প্যাকেজ এর অধীনে রেন্ট ভাউচার প্রোগ্রাম কার্যকর হলেও সিটি মেয়র এরিক অ্যাডামস ভাড়া সহায়তা কর্মসূচির বিরোধিতা করেছেন। তার যুক্তি হলো, সিটি কাউন্সিল রেন্ট ভাউচার কর্মসূচি পাস করেছে, কিন্তু এজন্য কীভাবে তহবিল সংস্থান করা সম্ভব তা বিবেচনা করেনি। তিনি ‘সিটিএফএইচইপিএস’ নামে পরিচিত ‘রেন্ট ভাউচার প্রোগ্রাম’ সংস্কার করে সিটি কাউন্সিলে বিল উত্থাপনের প্রস্তাব করেছেন।
এর মধ্যে অন্যতম প্রস্তাবটি হচ্ছে যে, ভাউচার প্রোগ্রামের অন্তর্ভূক্ত হওয়ার জন্য আবেদন করার আগে নিম্ন আয়ের নিউইয়র্কবাসীদের সিটির কোনো আশ্রয়কেন্দ্রে থাকতে হবে। এরপর তারা ভর্তুকি দেওয়া ভাড়ায় ওপেন মার্কেট অ্যাপার্টমেন্টে থাকার জন্য ভাউচার লাভ করবে। কিন্তু গত সামারে মেয়র কাউন্সিলের পাস করা বিলে ভেটো দিয়ে সেটি কাউন্সিলে ফেরত পাঠানোর পর কাউন্সিল সফলতার সঙ্গে তার ভেটো অগ্রাহ্য করে গত জুলাইয়ে তাদের বিলটি পুনরায় কাউন্সিলে অনুমোদন করিয়ে নেয়, যা গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা।
কিন্তু গত মাসে মেয়র অ্যাডামস কাউন্সিল নেতাদের বলেছেন যে, অর্থনৈতিক, পরিচালনাগত ও আইনি কারণে আইনটি বাস্তবায়ন করা সিটির পক্ষে সম্ভব নয়। লিগ্যাল এইড সোসাইটি আইনটি বাস্তবায়নে সিটি প্রশাসনকে বাধ্য করার উদ্দেশ্যেই বিষয়টি আদালতে নিয়ে যাচ্ছে বলে সোইটির অ্যাটর্নি রবার্ট ডেসির সাংবাদিকদের বলেছেন।
Posted ২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh