বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
টেক্সাস থেকে নিউইয়র্ক সিটিতে পাঠিয়ে দেওয়া যেসব ইমিগ্রান্ট পরিবারকেসিটির আশ্রয়কেন্দ্রে ঠাঁই দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে তাদের উচ্ছেদ করা শুরু হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, শিশুসন্তানসহ ইমিগ্রান্ট পরিবারগুলোও উচ্ছেদের আওতায় পড়েছে। তাদেরকে হয় নিজেদের আশ্রয় খুঁজে নিতে হবে, অথবা আশ্রয়কেন্দ্রে আরো কিছু সময় যাপন করার জন্য পুনরায় আবেদন করতে হবে।
সিটি মেয়র এরিক অ্যাডামস গত সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে, ইমিগ্রান্ট পরিবারগুলোকে পুনরায় আশ্রয়ের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে তাদের বসবাসের জন্য আরো স্থিতিশীল জায়গা প্রয়োজন এবং তা তাদেরকেই খুঁজে বের করতে হবে। তিনি বলেই আমরা আগেও বলেছি এবং এখনো বলছি যে, আমরা কোনো পরিবারকে শিশুদের নিয়ে রাস্তায় ঘুমাতে বাধ্য করবো না। আমরা সবকিছু মানবিক উপায়ে করছি। সিটি হলের এক মুখপাত্র বলেছেন যে জ্যামাইকা উপসাগরের উপকূলে ফ্লয়েড বেনেট ফিল্ডে তাঁবুর ডরমিটরি এলাকা থেকে সেখানে বসবাসকারী ইমিগ্রান্ট পরিবারগুলোকে সরিয়ে নেয়া হয়েছিল এলাকাটি প্লাবিত হয়ে যাওয়ায়।
গত মঙ্গলবার বিকেলে তাদেরকে ব্রুকলিনের একটি স্কুশে আবাসনের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, ইমিগ্রান্ট পরিবারগুলোকে সিটির আশ্রয়কেন্দ্রে বসবাসের জন্য ৬০ দিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছিল। বহু পরিবারের ক্ষেত্রে এ সময়সীমা অনেক আগে অতিক্রান্ত হয়েছে। শিশুসহ পরিবারগুলো তাদের বিষয় বিবেচনা করার আবেদন জানালে তাদের আরো ৬০ দিন আশ্রয়কেন্দ্রে অবস্থানের অনুমতি দেওয়া হয়।
জোয়ানা রিভাস চার মাস আগে ভেনেজুয়েলা থেকে আসার পর থেকে নিউইয়র্ক সিটিতে কিছুটা স্থিতিশীল হতে সক্ষম হয়েছিলেন। তিনি সিটিতে পরিচ্ছন্নতার একটি কাজও খুঁজে নিয়েছেন এবং তার ৯ বছর বয়সী কন্যাকে ম্যানহাটনের একটি পাবলিক স্কুলে ভর্তি করেছেন। তিনি সিটিতে আসার পর ইমিগ্রান্ট আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করা টাইমস স্কোয়ারের কাছে একটি হোটেলে বিনাভাড়ায় বাস করার সুযোগ পান। গত মঙ্গলবার আশ্রয়কেন্দ্রে তার সময় শেষ হয়েছে। তিনি নতুন আবাসনের জন্য আবেদন করার জন্য জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলেন।
তিনি বলেন, আমি জানি না আজ রাতে আমরা কোথায় যাব। আমি এখানে দেখতে এসেছি যে, তারা আমাকে ও আমার মেয়েকে আজ রাতে থাকার জন্য কোনো ব্যবস্থা করে কিনা।
নিউইয়র্ক সিটি এমন কয়েক ডজন অভিবাসী পরিবারকে উচ্ছেদ করতে শুরু করেছে, যারা হোমলেসদের বাসস্থানের নিয়ম অনুযায়ী ৬০ দিনের সীমায় পৌঁছেছিল। এভাবে আরো অনেকে ক্রমান্বয়ে উচ্ছেদের আওতায় আনা হবে। সিটি প্রশাসন জানিয়েছে যে তারা গত দেড় বছরে ৭০ হাজার ইমিগ্রান্টের আবাসনের ব্যবস্থা করেছে হোমলেস শেল্টার, আশ্রয়কেন্দ্রে পরিণত করা হোটেল এবং তাবুর জরমিটরিতে। উচ্ছেদের প্রথম ধাপে সিটি আগামী কয়েকাদিনের মধ্যে ১,৯০০ ইমিগ্রান্টকে সরিয়ে নেবে। মোট ৪,৪০০ পরিবারকে সিটির আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে, যাদের উচ্ছেদ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে সিটি প্রশাসনের মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।
Posted ২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh