বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৮ মে ২০২৪
ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সহযোগী মার্কিন বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও (এফবিআই) নিজেদের নির্দেশনা মতো চালানোর পরিকল্পনা করছেন তারা। এই প্রস্তাবের সঙ্গে যুক্ত কমপক্ষে নয় জন কর্মকর্তা রয়টার্সকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন বিচার বিভাগ এরই মধ্যে ট্রাম্পকে কয়েক ডজন ফৌজদারি মামলায় অভিযুক্ত করেছে। এরই মধ্যে ট্রাম্প আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে এই বিভাগকে সংশোধন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেসহ বিরোধীদের দমানোর জন্য এটি ব্যবহার করবেন বলে জানিয়েছেন।
ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে জড়িতরা জানিয়েছেন, দুই ভাবে মার্কিন বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প। এরমধ্যে একটি হলো বিচার বিভাগে রক্ষণশীল লোকজনের আধিক্য রাখা যেন তারা হোয়াইট হাউসের বিতর্কিত আদেশকে মেনে নেয়। দ্বিতীয়টি হলো বিভাগকে পুনর্গঠন করা। এতে করে যেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমলাদের পরিবর্তে প্রশাসন অনুগতদের হাতে থাকে।
ট্রাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এফবিআইকে অনেক রিপাবলিকানই নিজেদের বিরোধী ভাবে। এ জন্য বাহিনীটির বেশ কয়েকজন দায়িত্ববান কর্মকর্তাকে অন্য বাহিনীতে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন বলেন, ট্রাম্প মনে করেন যে মার্কিন বিচার বিভাগের সমস্যা রয়েছে। শুধু কর্মীদের নয় পুরো বিচার বিভাগ ঢেলে সাজাতে হবে।
তবে ট্রাম্প সংশ্লিষ্টরা জানান, ট্রাম্পের প্রচারাভিযান দলের একজন অনুমোদিত সদস্যের কাছ থেকে সরাসরি কোনো বার্তা না আসা পর্যন্ত, ভবিষ্যতের প্রেসিডেন্টের কোনো পরিকল্পনাকে আনুষ্ঠানিক বলে গণ্য করা উচিত হবে না।।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার দলের মুখপাত্র আম্মার মুসা এক বিবৃতিতে বলেন, ট্রাম্প এবং তার মিত্ররা আমেরিকার জন্য যা ভালো হবে তার চেয়ে নিজেদের প্রতিশোধকে এগিয়ে রাখছেন। এ নিয়ে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Posted ১২:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh