বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
ঢাকার চলচ্চিত্র জগতে আলোচিত দম্পতি অনন্ত জলিল ও বর্ষা এবার সিনেমা থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। দর্শকপ্রিয় এই জুটি তাদের পরিবার এবং সন্তানদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক মাস আগে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছিলেন, হাতে থাকা কিছু চলচ্চিত্র প্রকল্প শেষ করার পর তিনি অভিনয় জগৎ থেকে বিদায় নেবেন। বর্ষার ভাষ্য, “আমার দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা এখনও নায়িকা হিসেবে কাজ করছেন, তাহলে কী ভাববে? এসব বিষয় ভেবেই আমি চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
বর্ষার সিদ্ধান্তের পর এবার স্বামী অনন্ত জলিলও একই ঘোষণা দিলেন। শনিবার (২৩ আগস্ট) রাতে একটি টকশোতে তিনি বলেন, “আমাদের বড় ছেলে ইতিমধ্যেই কোরআনের হাফেজ হয়েছে, আর ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে। একজনের বয়স ১০, আরেকজনের ৭। বর্ষা যখন প্রথম অন্তঃসত্ত্বা হন, তখন থেকেই আমাদের উদ্দেশ্য ছিল সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করা এবং ইনশাআল্লাহ মদিনায় পড়াশোনা করানো। সেই কারণেই আমাদের জন্য সিনেমা করা এখন সঠিক সিদ্ধান্ত হবে না।”
অনন্ত জলিল আরও বলেন, সন্তানদের শিক্ষা ও বেড়ে ওঠা ইসলামিক পরিবেশে হচ্ছে। তাই বাবা-মায়ের চলচ্চিত্রে সক্রিয় থাকা তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে না। ২০১০ সাল থেকে অনন্ত জলিল নিজের প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। প্রায় প্রতিটি সিনেমায় তার নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তিনি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায়ও কাজ করেছেন।
বর্তমানে অনন্ত-বর্ষা অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ নির্মাণাধীন রয়েছে, যেখানে বলিউডের নামি অভিনেতারাও যুক্ত আছেন। তবে দম্পতির ভাষ্য, হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করার পরই তারা স্থায়ীভাবে চলচ্চিত্র জগত থেকে সরে দাঁড়াবেন। সবশেষে অনন্ত-বর্ষা জুটিকে দেখা গেছে পরিচালক মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’ সিনেমায়; এরপর বড় পর্দায় তাদের আর দেখা যায়নি।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh