বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
অনেকটা দেখতে দেখতেই ক্যারিয়ারের এক দশক পার করে ফেললেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। এই দশ বছরে নিজেকে বহুমাত্রিক চরিত্রে রূপদানের চেষ্টা প্রতিনিয়ত ছিল সাবিলার মধ্যে। যার দরুন টিভি নাটকের ব্যতিক্রমী চরিত্রে এখন তার সরব উপস্থিতি। ওটিটি দুনিয়ারও অপরিহার্য অভিনেত্রী হয়ে উঠেছেন দিন দিন। চরিত্রেও এনেছেন বৈচিত্র্য। তবে পাশের বাসার সুন্দরী মেয়ে, বেকার নায়কের প্রেমিকা কিংবা কর্মজীবী নারী এসব চরিত্র থেকে বের হয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করেছেন তিনি। ছক ভাঙতে ভাঙতে নির্মাতাদের কাছে সাবিলা হয়ে ওঠেন ভার্সেটাইল অভিনেত্রী। নির্মাতাদের ভাষ্য, সাবিলাকে যে চরিত্রই দেওয়া হয়, তাতেই অনায়াসে মানিয়ে নিতে পারেন। সাবিলা এখন অনবদ্য এক অভিনেত্রী।
তবে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে সাবিলা নূর এখন বড় পর্দার বাসিন্দা। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের পর তার স্বপ্ন ছিল বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে কাজ করা ও সেখানেই নিয়মিত হওয়ার। সাবিলার সেই অপূর্ণতাটুকুও তার পূর্ণ হয়ে গেছে গত ঈদে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন এই মিনি কন্যা। তাণ্ডবের পর মাঝখানে কিছুদিন ঘুরে বেড়িয়েছেন সাবিলা নূর। এর মধ্যেই বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পান তিনি। এসব বিষয়ে যদিও বিস্তারিত বলেননি, তবে এবার স্বপ্নের পথটি আরও সুগম করলেন নতুন একটি সিনেমার মাধ্যমে।
এবার সাহিত্যনির্ভর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় শরিফুল রাজের নায়িকা হচ্ছেন সাবিলা। সিনেমটি নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’ নির্মাতা তানিম নূর। গতকাল মঙ্গলবার রাতে সিনেমাটির নাম ঠিক করা হয় ‘বনলতা এক্সপ্রেস’।
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh