বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
টম ক্রুজ ও আনা ডি আরমাস। ছবি : সংগৃহীত
হলিউডের আলোচিত তারকা জুটি টম ক্রুজ ও আনা ডি আরমাস তাদের স্বল্পমেয়াদি প্রেমের ইতি টেনেছেন। একসঙ্গে প্রায় নয় মাস কাটানোর পর, দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন শুধুই বন্ধু হয়ে থাকার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর বরাতে জানা গেছে, তাদের এই বিচ্ছেদ হয়েছে সম্পূর্ণ পারস্পরিক সম্মতিতে।
সম্প্রতি যখন তাদের মহাকাশে বিয়ের গুঞ্জন ছড়ায় এবং একটি নতুন সিনেমা নিয়ে একসঙ্গে কাজের কথাও শোনা যাচ্ছিল, তখনই আসে এই সম্পর্কচ্ছেদের খবর। ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ৬১ বছর বয়সী টম এবং ৩৬ বছর বয়সী আনা বুঝে গেছেন, তাদের সম্পর্কের রোমান্সের জায়গাটা আর আগের মতো নেই।
সূত্রটির ভাষ্যমতে, “তারা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু এখন বুঝেছেন একসঙ্গে পথচলার এখানেই শেষ। তবে তাদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকবে।”
তাদের বিচ্ছেদের প্রভাব পেশাগত জীবনে পড়বে না বলেই জানা গেছে। টম ও আনা দুজনেই ‘ডিপার’ (Deeper) নামের একটি থ্রিলার সিনেমায় কাজ করছেন এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। গুজব উঠেছিল সম্পর্ক ভাঙার কারণে সিনেমার কাজ থেমে গেছে, তবে তা ভিত্তিহীন বলেই জানিয়েছেন একাধিক সূত্র।
টম ও আনার প্রেমের গুঞ্জন ছড়ায় ভারমন্টে একসঙ্গে ছুটি কাটানোর ছবির মাধ্যমে। এরপর লন্ডন ও মাদ্রিদে রোমান্টিক সময় কাটানো, হেলিকপ্টারে অ্যাডভেঞ্চার, এমনকি ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টি ও ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ওয়েসিস’ কনসার্টে তাদের একসঙ্গে দেখা যায়।
আনা ডি আরমাস এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেক-এর সঙ্গে সম্পর্কে ছিলেন। আর টম ক্রুজের ক্ষেত্রে, কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর এটাই ছিল তাঁর প্রথম আলোচিত সম্পর্ক।
সম্পর্কে ইতি টানলেও, পেশাগতভাবে তারা দুজনেই সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতিতে আছেন। বিচ্ছেদ হলেও বন্ধুত্ব ও পেশাদারিত্ব যে টিকে থাকতে পারে—টম ও আনা তারই উদাহরণ।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh