বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত
মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নবনির্মিত ন্যু স্টেডিয়ামে প্রথম ম্যাচ। গ্যালারিতে ৬০ হাজারের বেশি দর্শক, উপস্থিত এমএলএস কমিশনার ডন গারবার—সব মিলিয়ে মঞ্চ প্রস্তুত ছিল এক রাজকীয় উদযাপনের জন্য। লিওনেল মেসি গোল করলেন, লুইস সুয়ারেজও শেষ মুহূর্তে জালের দেখা পেলেন। কিন্তু এত কিছুর পরও জয় দিয়ে ঘরের মাঠের অভিষেক রাঙাতে পারল না ইন্টার মায়ামি। অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ডেভিড বেকহ্যামের দলকে।
দীর্ঘ প্রতিক্ষার পর ফোর্ট লডারডেল ছেড়ে নিজেদের নতুন ডেরায় ফেরা মায়ামির জন্য রাতটি ছিল মিশ্র অনুভূতির। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। মাত্র ৬ মিনিটে গুইলহার্মে বিরোর গোলে এগিয়ে যায় অস্টিন। তবে চার মিনিট পরেই গ্যালারিকে উল্লাসে ভাসান মেসি। ১০ম মিনিটে দর্শনীয় এক হেডে গোল করে স্টেডিয়ামের ইতিহাসে নিজের নাম লেখান আর্জেন্টাইন মহাতারকা।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর ৫৩ মিনিটে বদলি খেলোয়াড় জেডেন নেলসনের গোলে আবারও লিড নেয় অস্টিন। পুরো দ্বিতীয় হাফ মায়ামি আক্রমণের পর আক্রমণ করলেও অস্টিনের রক্ষণভাগ ছিল অটুট। শেষ পর্যন্ত ৮২ মিনিটে ত্রাতা হয়ে আসেন লুইস সুয়ারেজ। দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান এই উরুগুইয়ান স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকে জয়ের সুযোগ এসেছিল মায়ামির সামনে। ৯০ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে সুয়ারেজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ইনজুরি টাইমে মেসির একটি নিশ্চিত শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অস্টিন গোলরক্ষক ব্র্যাড স্টুভার। ৬ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের ওপরের দিকেই আছে মায়ামি।
ম্যাচ শেষে এমএলএস কমিশনার ডন গারবার বলেন, ‘ডেভিড বেকহ্যাম ১৩ বছর আগে মায়ামিকে বেছে নিয়েছিলেন, আজ সেই স্বপ্ন পূর্ণতা পেল। মেসি এবং সুয়ারেজের মতো তারকারা বিশ্বজুড়ে আমাদের লিগের আলো ছড়িয়ে দিচ্ছেন।’ ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ১১ এপ্রিল নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে। ড্র করলেও টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।
Posted ৮:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh