স্পোর্টস ডেস্ক : | সোমবার, ১০ আগস্ট ২০২৬
ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার ভাষ্য, এ বছর বিপিএল নাও হতে পারে। তবে ব্যক্তিগতভাবে বিপিএল বন্ধ করার চেয়ে টুর্নামেন্টটি আরও গোছানোভাবে আয়োজনের পক্ষপাতী তিনি। এক সাক্ষাৎকারে বিপিএল, ঘরোয়া ক্রিকেট ও ভারত সিরিজসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি।
বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন। আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ইমেজ রক্ষা করা আমাদের কর্তব্য।’
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না, জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া টি২০ টুর্নামেন্ট আছে।’
ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘মোটামুটি ভালোই হয়েছে। আমরা আসার পর ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে। তৃতীয় বিভাগ হয়েছে। নতুন মৌসুম শুরু হয়ে যাবে। দ্বিতীয় বিভাগে দলগুলো অংশগ্রহণ করেনি, সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলব।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে খেলতে ভারত আসবে কি না, এ নিয়েও এখনো নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তামিম। বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা যাওয়ার, আমি ততটা গিয়েছি। আমাদের সীমা অতিক্রম করতে চাই না। বিসিসিআইর সঙ্গে ক্রিকেট বোর্ডের নিয়মিত যোগাযোগ আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ আনন্দদায়ক হয়। এ মুহূর্তে আরও নির্দিষ্ট করে বলতে পারছি না।’
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh