বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আর মাত্র ২৬ দিন বাকি আছে। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এখন পর্যন্ত সম্পন্ন প্রতিটি জরিপ এবং প্রচারণার দিক থেকে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানিই এগিয়ে আছেন এবং একথা নিশ্চিত বলা যায় যে, মামদানিই হতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির ১১৩তম মেয়র এবং প্রথম মুসলিম মেয়র।
গত সপ্তাহে সিটি মেয়র এরিক অ্যাডামস পুন:নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতা থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করায় মেয়র প্রার্থী নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর সুবিধা হবে বলে ধারণা করা হলেও বাস্তবে ক্যুমো লাভবান হবেন না। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এরিক অ্যাডামস প্রার্থিতা প্রত্যাহার করায় তার সমর্থকরা ক্যুমোর পক্ষে যাবে বা ক্যুমোর পক্ষে বড় ধরনের প্রভাব ফেলবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ গত সপ্তাহ পর্যন্ত মেয়র নির্বাচন নিয়ে যতগুলো জরিপ সম্পন্ন হয়েছে, সবগুলো জরিপে অ্যাডামসে অবস্থান ছিল নীচে। রিপাবলিকান প্রার্থী কার্টি সিলওয়াও যদি প্রার্থিতা প্রত্যাহার করেন, তাহলে ক্যুমো, অ্যাডামস ও সিলওয়ার সম্মিলিত সমর্থনেও ক্যুমোর পক্ষে কোনোভাবেই ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে এপর্যন্ত কোনো লক্ষণ দেখা যায়নি।
স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমো গত সপ্তাহে বলেছিলেন যে, তিনি সম্পূর্ণ ভিণ্নভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমার কাছে মাঠ পর্যায়ে প্রচারণার যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং আমি তাই করে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমার উপস্থিতি অনেক বেড়েছে। ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি ভোটারের কাছে উপস্থিত হয়েছি। নিউইয়র্ক টাইমস বলছে যে, ক্যুমো যত তৎপরতা প্রদর্শন করুন না কেন অ্যাডামসের প্রার্থিতা প্রত্যাহারে তার তেমন কোনো লাভ হয়েছে এমন আভাস নেই। বরং এর উল্টো আভাস রয়েছে যে অ্যাডামসের অধিকাংশ সমর্থক জোহরান মামদানিকে সমর্থন করবে।
এ পরিস্থিতিতে এবং নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ক্যুমোর পক্ষে ভোটারদের সমর্থন সহসা চাঙ্গা হয়ে উঠবে বা অলৌকিক কিছু ঘটবে এমন সম্ভাবনা একেবারেই নেই। অধিকাংশ জরিপে মামদানি ক্যুমোর চেয়ে ২০ পয়েন্টের বেশি এগিয়ে আছেন, যা অতিক্রম করা অসম্ভব ব্যাপার। রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া যদি রিপাবলিকান নীতি নির্ধাকদের চাপে পড়েও তার প্রার্থীতা প্রত্যাহার করেন, সেক্ষেত্রে ক্যুমো প্রতি দৃশ্যত সমর্থন কিছু বাড়বে। কারণ রিপাবলিকান ভোটারররা কোনো অবস্থাতেই জোহরান মামদানিকে সমর্থন করবে না। কিন্তু তাতে ক্যুমোর প্রতি তাকে নির্বাচনে জয়ী করার মতো পরিস্থিতির সৃষ্টি হবে না। কিন্তু কার্টিস সিলওয়া একাধিকবার ঘোষণা করেছেন যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।
গত সপ্তাহে অ্যান্ড্রু ক্যুমোর নির্বাচনী তহবিলে আর্থিক অনুদান যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, মেয়র এরিক অ্যাডামস তার প্রার্থিতা প্রত্যাহার ঘোষণা করার পর। এ ঘোষণা দেওয়ার ৩৬ ঘন্টার মধ্যে ক্যুমোর তহবিলে প্রায় ৪০০,০০০ ডলার জমা হয়। সাবেক গভর্নরকে সমর্থন দানকারী পলিটিক্যাল অ্যাকশন কমিটি ক্যুমোর তহবিল সংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। তবে নির্বাচনী অভিযান শুরু হওয়ার পর পর তার তহবিলে কয়েক মিলিয়ন ডলার জমা পড়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছিল। রিয়েল এস্টেট ও ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর প্রধান এবং অন্যান্য খাতের ধনকুবেররা ক্যুমোর পক্ষে। কারণ মামদানি বিত্তবানদের ওপর অধিক করারোপের সিদ্ধান্ত ঘোষণা করায় বিত্তবান নিউইয়র্কাররা তার ওপর নারাজ। ক্যুমোর প্রায় ৪০ জন তহবিলদাতা গত সপ্তাহে এক সংক্ষিপ্ত জুম মিটিং এ মামদানিকে তাদের জন্য “অস্তিত্বের হুমকি” বলে বর্ণনা করেন। অ্যান্ড্রু ক্যুমো এই ভিডিওকে তার প্রচারণায় ব্যবহার করেন। সুপার প্যাক এ পর্যন্ত ক্যুমোর নির্বাচনী অভিযানে ২২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর জোহরান মামদানির তহবিলে যথেষ্ট অর্থ জমা হয়েছে। তার অভিযানে এখন ৮০ হাজার ভলান্টিয়ার কাজ করছে। প্রাইমারিতে কাজ করেছে প্রায় ৫০ হাজার ভলান্টিয়ার।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh