বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’ বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি না- এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন, ‘ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’। তেহরান ‘কিছুটা হলেও, খুব বেশি নয়…যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে’।
তিনি বলেন, ‘যদি তারা তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।’
ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইরানের সঙ্গে এবার কী হতে যাচ্ছে এবং মার্কিন হামলার আগেই তারা পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলতে পেরেছিল কি না। জবাবে তিনি বলেন, ইরানের পক্ষে উপকরণ সরানোর সময়ই ছিল না। তিনি বলেন, ‘ওগুলো খুব ভারী, সরানো খুব কঠিন।’ তার বিশ্বাস, ইরান এরইমধ্যে পারমাণবিক ক্ষমতা অর্জন করেছে।
এরপর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে মতামত দিতে বলা হলে তিনি বলেন, ট্রাম্প শান্তি চান, তাই ইরানের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন। তবে আলোচনা আবার শুরু হবে কি না, তা নির্ভর করবে ইরানের ইচ্ছার ওপর।
ট্রাম্প আরও জানান, ‘আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি।’ তিনি বলেন, একটা চুক্তিও হতে পারে।
তবে সঙ্গে যোগ করেন, ‘আমি মনে করি না সেটা খুব দরকারি। যুদ্ধ হয়ে গেছে, তারা লড়েছে, এখন তারা নিজেদের মতো ফিরে যাচ্ছে। আমি চুক্তি হবে কি না, তা নিয়ে চিন্তা করি না।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে দেখা করব।’
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh