বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
এশিয়া কাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এলো এক দারুণ প্রেরণার খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদে টি–টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নতুন তালিকায় তিনি অবস্থান করছেন ১১ নম্বরে। তার সংগ্রহে রয়েছে ৬৪১ রেটিং পয়েন্ট।
সংযুক্ত আরব আমিরাতেই বসছে এবারের এশিয়া কাপ। আগামীকাল (বুধবার) হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তার আগেই পাওয়া মোস্তাফিজের এই সুখবর নিঃসন্দেহে দলকে উজ্জীবিত করবে।
সাম্প্রতিক নেদারল্যান্ডস সফরে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন মোস্তাফিজ। মাত্র ৫.২৮ ইকোনমিতে দুই ম্যাচে তিনি শিকার করেছিলেন ৩ উইকেট। সেই ধারাবাহিকতাই তাকে এগিয়ে দিয়েছে সর্বশেষ র্যাঙ্কিং তালিকায়।
অন্যদিকে পাকিস্তানি বোলারদের মধ্যেও দেখা গেছে র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি। আবরার আহমেদ এগিয়েছেন ৩৯ ধাপ, বর্তমানে অবস্থান করছেন ২৭ নম্বরে। শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যাটট্রিকসহ ১০ উইকেট নেওয়া মোহাম্মদ নাওয়াজ উঠে এসেছেন ৩০ নম্বরে।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে অবশ্য সবার জন্য সুখবর নেই। রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে এখন ২৪ নম্বরে। শেখ মেহেদী হাসান এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন। তানজিম হাসান সাকিব এক ধাক্কায় ৮ ধাপ পিছিয়ে এখন ৪৭ নম্বরে নেমে গেছেন।
এশিয়া কাপ শুরুর আগের দিন প্রকাশিত এই র্যাঙ্কিং তালিকাই স্পষ্ট করছে আসন্ন টুর্নামেন্টের কঠিন প্রতিযোগিতা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ–হংকং ম্যাচ। এর আগে উদ্বোধনী খেলায় আফগানিস্তান ৯৪ রানে হংকংকে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh